পাবনার চাটমোহরের ছাইকোলা বাজারে সার ডিলার প্রদীপ কুমার পালের গোডাউন থেকে ছয় শতাধিক বস্তা সার লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
সরেজমিন তথ্যানুযায়ী, সোমবার সকাল থেকেই ছাইকোলা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১ হাজার ১৮১ বস্তা সার প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে বিতরণের কার্যক্রম চলছিল। বিতরণের সুবিধার্থে ১৭১টি মেমো কাটা হয়েছিল। তবে একই এলাকায় অন্য দুটি পয়েন্টে সার শেষ হয়ে যাওয়ায় সেখানে অপেক্ষমাণ হাজারো কৃষক প্রদীপ কুমার পালের পয়েন্টে ভিড় করেন। দুপুর সাড়ে ১২টার দিকে কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ডিলার বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন গোডাউন ভেঙে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যান।
উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, এলাকায় সারের কোনো সংকট নেই, অথচ বিশৃঙ্খলা সৃষ্টি করে এই লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বিকেলে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার মো. আবু আশ্রাফ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালিদ হাসান জানিয়েছেন, লুট হওয়া সার ফেরত দিতে অথবা সমপরিমাণ টাকা ডিলারকে দেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সার ফেরত না দিলে বা টাকা পরিশোধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

