কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মল্লিকা সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আহমদ কবির জানান, আগুন নেভানোর কাজে প্রথমে সদর দক্ষিণ ফায়ার স্টেশন এবং পরবর্তীতে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা সদর ফায়ার স্টেশনের ইউনিটগুলো অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসলাইনের কোনো লিকেজ কিংবা কারিগরি ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে ফুয়াদ হোসেন (২৪) নামের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহ্ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পরও ফিলিং স্টেশনের পাইপলাইন থেকে বিকট শব্দে গ্যাস নির্গত হতে দেখা যায়। এদিকে, খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

