গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনার পর রাজধানীতে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, দেশের বিভিন্ন স্থানে সহিংসতা করে ঢাকায় পালিয়ে আসা ব্যক্তিদের গ্রেপ্তারে ইতোমধ্যে এই অভিযান শুরু হয়েছে। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে চেকপোস্টে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। রাজধানীতে নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে এবং এরই মধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে থাকা অন্যদের ধরতেও এই অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর নিরাপত্তায় ডিএমপির পাশাপাশি এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সমন্বিতভাবে কাজ করছে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয়েছে বাড়তি নজরদারি। সাভার, নারায়ণগঞ্জ ও আশপাশের জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টেও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে এবং বাস ও ট্রাকসহ সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম জানান, রাজধানীর বিভিন্ন সন্দেহভাজন এলাকা, মেস ও আবাসিক হোটেলে নিয়মিত ও আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং মাঠপর্যায়ের কর্মীদের শনাক্ত করা হচ্ছে। এছাড়া নাশকতায় ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহের উৎস বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে এবং ঢাকার বাইরে থেকে কেউ যাতে সংঘবদ্ধ হয়ে রাজধানীতে প্রবেশ করতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

