ক্রেডিট রিপোর্টিং প্রতিষ্ঠান ইকুইফ্যাক্স (Equifax) তাদের একটি সফটওয়্যার ত্রুটির কারণে ভুল ক্রেডিট স্কোর প্রদর্শনের মামলায় ১০০ মিলিয়ন ডলারের একটি প্রস্তাবিত সমঝোতায় সম্মত হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্থ লাখ লাখ গ্রাহক আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হতে পারেন। ২০২২ সালের এই ভুলের কারণে অনেক গ্রাহকের ঋণ পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল।
এই মামলার সূত্রপাত ২০২২ সালের আগস্টে, যখন আটলান্টার একটি ফেডারেল আদালতে ইকুইফ্যাক্সের বিরুদ্ধে একটি ক্লাস-অ্যাকশন মামলা দায়ের করা হয়। গত ১৭ আগস্ট কোম্পানিটি এই সমঝোতায় সায় দেয়। মামলার তিনজন মূল বাদী অভিযোগ করেন, ইকুইফ্যাক্স তাদের ভুল ক্রেডিট স্কোর সরবরাহ করেছিল, যার ফলে তারা প্রয়োজনীয় ঋণ নিতে পারেননি।
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৭ মার্চ থেকে ৬ এপ্রিলের মধ্যে ইকুইফ্যাক্সের কম্পিউটার সিস্টেমে একটি কোডিং ত্রুটি দেখা দেয়। এর ফলে প্রায় ৪০ লাখ মার্কিন নাগরিকের ক্রেডিট স্কোর স্বাভাবিকের চেয়ে কম দেখানো হয়েছিল। এই সময়ে যারা বন্ধকী ঋণ (মর্টগেজ), গাড়ি কেনার ঋণ বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেছিলেন, তারা চরম ভোগান্তির শিকার হন।
অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে গ্রাহকদের ক্রেডিট স্কোর ২০ পয়েন্টের বেশি কমিয়ে দেওয়া হয়েছিল। এর কারণে ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানগুলো হয় তাদের ঋণ দিতে অস্বীকৃতি জানায়, অথবা অতিরিক্ত সুদ দাবি করে। তবে ইকুইফ্যাক্স এই সমঝোতায় সম্মত হলেও তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। ফেয়ার ক্রেডিট রিপোর্টিং অ্যাক্ট (FCRA) লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডভিত্তিক ল ফার্ম 'গিবস মুরা'-এর অংশীদার এবং বাদীদের পক্ষের আইনজীবী বার্গার এক বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "প্রায় চার বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর গ্রাহকদের জন্য এই ফলাফল অর্জন করতে পেরে আমরা আনন্দিত। ক্রেডিট রিপোর্টিং সংস্থাগুলোকে অবশ্যই তাদের ডেটা ব্যবস্থাপনায় আরও দায়িত্বশীল হতে হবে, কারণ এর সাথে মানুষের জীবন-জীবিকা জড়িত।"
দীর্ঘমেয়াদী আইনি লড়াই ও আপিলের খরচ এড়াতে উভয় পক্ষই সমঝোতার পথ বেছে নিয়েছে বলে মামলার ওয়েবসাইটে জানানো হয়েছে। আদালত এখনও কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে রায় দেয়নি। এই প্রস্তাবিত সমঝোতার বিষয়ে চূড়ান্ত শুনানির জন্য ২০২৭ সালের ২২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
২০২২ সালের ১৭ মার্চ থেকে ৮ এপ্রিলের মধ্যে যাদের ক্রেডিট স্কোর এই কোডিং ত্রুটির কারণে ভুলভাবে প্রদর্শিত হয়েছিল, তারা এই সমঝোতার আওতায় ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। ক্ষতিপূরণের পরিমাণ আনুমানিক ৯৫ ডলার থেকে ২৮০ ডলার পর্যন্ত হতে পারে, তবে চূড়ান্ত পরিমাণ এর চেয়ে কম বা বেশিও হতে পারে।
ক্ষতিপূরণ পেতে আগ্রহী গ্রাহকদের অবশ্যই আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে। গ্রাহকরা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এছাড়া ওয়েবসাইট থেকে ফরম ডাউনলোড করে ডাকযোগেও আবেদন পাঠানো যাবে। ডাকযোগে পাঠানোর ঠিকানা: Equifax FCRA Litigation, P.O. Box 301132, Los Angeles, CA 90030-1132। আরও তথ্যের জন্য গ্রাহকরা info@EquifaxFairCreditReportingSettlement.com ইমেইলে যোগাযোগ করতে পারেন।

