তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দেশের জাতীয় ঐক্য ও সক্ষমতা সুদৃঢ় করতে নতুন নানা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার আয়োজিত এই স্মরণসভায় তিনি উল্লেখ করেন, সমসাময়িক সভ্যতাগুলোকে ছাড়িয়ে দেশকে আরও উঁচুতে নিয়ে যাওয়াই ‘সেঞ্চুরি অব তুরস্ক’ (তুরস্কের শতাব্দী) ভিশনের মূল লক্ষ্য এবং সরকার সেই লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে।
স্মরণসভায় প্রেসিডেন্ট এরদোয়ান জোর দিয়ে বলেন, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি ও অগ্রগতির লক্ষ্য নিয়ে সরকার একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে বিগত প্রায় অর্ধশতক ধরে তুরস্ককে পিছিয়ে রাখা সন্ত্রাসবাদের সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে তিনি জানান।
সীমান্তের ভেতরে এবং বাইরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর আলোকপাত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, নিজ দেশের সীমানায় তো বটেই, সীমান্ত পেরিয়েও শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা হচ্ছে। অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে আমাদের অভ্যন্তরীণ ফ্রন্টই সবচেয়ে বড় দুর্গ, আর এই দুর্গকেই নতুন নতুন উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে।
পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে সংঘাত ও অস্থিরতা বজায় থাকলেও রাষ্ট্র ও জনগণের মধ্যকার দৃঢ় সংহতির ওপর ভর করে তুরস্ক একটি যৌথ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে বলে এরদোয়ান উল্লেখ করেন। তিনি আশ্বস্ত করেন যে, দেশের যাবতীয় সম্পদ কাজে লাগিয়ে নতুন নতুন অর্জন ও বিজয়ের মাধ্যমে তুরস্ককে শক্তিশালী অবস্থানে না পৌঁছানো পর্যন্ত সরকারের এই অগ্রযাত্রা থামবে না।
‘আতাতুর্ক সুপ্রিম কাউন্সিল ফর কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হিস্ট্রি’-তে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান প্রজাতন্ত্রের স্থপতি মুস্তফা কামাল আতাতুর্কের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদ ও যুদ্ধাহত ভেটেরানদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

