ইউরোপীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দল ডাবলিন গার্ডিয়ান্সে যোগ দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার বিজয় শঙ্কর। গত মে মাসে আইপিএল ও ভারতের ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটিই হতে যাচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে তার দ্বিতীয় আসর। ডাবলিনের এই ফ্র্যাঞ্চাইজি দলটিতে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে, যিনি এই দলের অধিনায়ক ও মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
ডাবলিন গার্ডিয়ানসের মালিকানায় রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়। চেন্নাইয়ের স্থানীয় ক্রিকেট লিগে খেলার সুবাদে বিজয়, অশ্বিন ও দ্রাবিড়ের মধ্যকার সম্পর্ক বহু পুরোনো। এছাড়া ভারত ‘এ’ দলের হয়ে খেলার সময়ও দ্রাবিড়ের অধীনে কাজ করেছেন বিজয়।
দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, যিনি বর্তমানে আইপিএলে রাজস্থান রয়্যালসের সাপোর্ট স্টাফের অংশ এবং সম্প্রতি শ্রীলঙ্কা দলের পরামর্শক ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। রাঠোরকে সহায়তা করবেন সহকারী কোচ এড জয়েস, বোলিং কোচ মিচেল ম্যাকক্লেনাগান এবং ফিল্ডিং কোচ জন মুনি।
ডাবলিন গার্ডিয়ানসে সরাসরি বিদেশি ক্রিকেটার হিসেবে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। এছাড়া দলটির বিদেশি খেলোয়াড়দের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বোলিং অলরাউন্ডার হরমিৎ সিং এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ ও গায়ানার গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলা সঞ্জয় কৃষ্ণমূর্তি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩,০০০-এর বেশি রান করা জেমস ভিন্সও খেলবেন ডাবলিনের হয়ে। এর আগে গত জুনের শেষের দিকে অনুষ্ঠিত ড্রাফট থেকে বেঞ্জামিন ক্যালিৎজ, জর্জ ডকরেল, ম্যাথু হলার্ড, ক্রেইগ ইয়ং, নোয়া ক্রস ও ক্রিস গ্রিভসকে দলে নিয়েছিল ডাবলিন।
ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের পর বিজয় শঙ্কর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি রয়্যালসের হয়ে ফিনিশারের ভূমিকায় খেলেন। সেখানে ৯ ইনিংসে ১৪৫.৬৩ স্ট্রাইক রেটে তিনি ১৫০ রান করেন। ভারতের হয়ে ১২টি ওয়ানডেতে ৩১.৮৫ গড়ে ২২৩ রান (স্ট্রাইক রেট ৯০.৬৫) এবং ৯টি টি-টোয়েন্টিতে ২৫.২৫ গড়ে ১০১ রান (স্ট্রাইক রেট ১৩৮.৩৫) করেছেন বিজয়। ঘরোয়া ক্রিকেটে তিনি দীর্ঘদিন তামিলনাড়ুর প্রতিনিধিত্ব করেছেন এবং তার অধিনায়কত্বে দলটি বিজয় হাজারে ট্রফি, দেওধর ট্রফি ও সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে। ২০২৫-২৬ মৌসুমের আগে ত্রিপুরার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া বিজয় তার ঘরোয়া ক্যারিয়ার শেষ করেন রঞ্জি ট্রফিতে গুজরাটের বিপক্ষে অপরাজিত ১৫১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে।
সব মিলিয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪৬.৭৩ গড়ে ৪,২৫৩ রান, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩৪.৮৭ গড়ে ২,৭৯০ রান এবং টি-টোয়েন্টিতে ২৬.০৯ গড়ে ও ১২৮.৩৭ স্ট্রাইক রেটে ২,৫৮৩ রান করেছেন বিজয়। সব সংস্করণ মিলিয়ে ৩৪৮ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৫৪টি উইকেট। আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ডেয়ারডেভিলস ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন এবং ২০১৬ সালে সানরাইজার্সের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন।
ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ইটিপিএল-এর উদ্বোধনী আসরটি চলবে আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য এই লিগে অংশ নেবে ডাবলিন, বেলফাস্ট, এডিনবরা, গ্লাসগো, রটারড্যাম ও আমস্টারডাম নামের ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল। এটিই ইউরোপের প্রথম আইসিসি অনুমোদিত বহু-দেশীয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ।
আর অশ্বিন (অধিনায়ক)বিজয় শঙ্করহ্যারি টেক্টরজর্জ ডকরেলজেমস ভিন্সড্যারিল মিচেলমুহাম্মদ ওয়াসিমনোয়া ক্রসবেন ক্যালিৎজহরমিৎ সিংজশ লিটলম্যাথু হলার্ডক্রেইগ ইয়ংক্রিস গ্রিভসপিটার হ্যাটজোগ্লুসঞ্জয় কৃষ্ণমূর্তিক্রিস উড

