লন্ডনে অবস্থিত গুগল ক্লাউডের একটি প্রধান ডেটা সেন্টারে মারাত্মক নেটওয়ার্ক বিভ্রাটের কারণে ইউরোপজুড়ে একাধিক ডিজিটাল ব্যাংক, খুচরা বিক্রেতা ও ডেলিভারি সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের সার্ভিস হেলথ ওয়েবসাইটের বরাতে জানা গেছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬:০৮ মিনিট থেকে এই সমস্যার সূত্রপাত হয়।
গুগল তাদের পরিষেবা আপডেট বার্তায় নিশ্চিত করেছে যে, তাদের লন্ডন ডেটা সেন্টার কেন্দ্রিক 'ইউরোপ-ওয়েস্ট২' (europe-west2) অঞ্চলে একাধিক ক্লাউড সার্ভিসে উচ্চমাত্রার ত্রুটি এবং সাময়িক নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তাদের প্রকৌশলী দল ঘটনার মূল কারণ অনুসন্ধান করে বিষয়টি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। তবে এই কারিগরি বিভ্রাটের সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেনি গুগল।
এই নেটওয়ার্ক বিপর্যয়ের কারণে যুক্তরাজ্যের জনপ্রিয় ডিজিটাল ব্যাংক 'রেভোলুট'-এর একাধিক পরিষেবা ব্যাহত হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, রেভোলুটের পরিষেবা বিঘ্নিত হওয়ার নেপথ্যে গুগল ক্লাউডের এই বিভ্রাটই ছিল প্রধান কারণ। ঘটনার পর ব্যাংকটির এক মুখপাত্র জানান, "সমস্যাটি চিহ্নিত হওয়ার পর থেকেই আমরা তা সমাধানের জন্য কাজ করে যাচ্ছি।" ক্ষতিগ্রস্ত গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, "আমাদের সব গ্রাহকের অর্থ এবং তথ্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে।"
ইন্টারনেট পরিষেবা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম 'ডাউনডিটেক্টর' (Downdetector) জানায়, এই কারিগরি ত্রুটির ফলে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লয়েডস ব্যাংক (Lloyds bank) ও এইচএসবিসি (HSBC)-এর সেবায় শত শত সমস্যা নিবন্ধিত হয়েছে। একই সঙ্গে দেশটির অন্যতম বড় রিয়েল এস্টেট ওয়েব পোর্টাল রাইটমুভ (Rightmove) এবং জাতীয় ডাক সেবা রয়্যাল মেইল (Royal Mail)-এর গ্রাহকরাও বিভ্রাটের সম্মুখীন হন। এছাড়া হোম ইমপ্রুভমেন্ট পণ্য বিক্রেতা স্ক্রুফিক্স (Screwfix) এবং আন্তর্জাতিক পার্সেল ডেলিভারি কোম্পানি ডিপিডি (DPD)-র কার্যক্রমও এই বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে।

