যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে আকস্মিক বন্যায় ২০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। ন্যাশনাল পার্ক সার্ভিস রবিবার জানিয়েছে, পার্কের দুর্গম এলাকা ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র্যাঞ্চে শনিবার বিকেলে এই বন্যার ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কর্তৃপক্ষ জরুরি তল্লাশি অভিযান চালাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, যারা ক্যাম্পিংয়ের জন্য বুকিং দিয়েছিলেন অথবা ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক করিডোর দিয়ে যাতায়াত করছিলেন, তাদের সম্পর্কে তথ্য থাকলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীরা অ্যারিজোনা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটির সাথে সমন্বয় করে উদ্ধারকাজ পরিচালনা করছেন। রবিবার পর্যন্ত ফ্যান্টম র্যাঞ্চ এবং লোয়ার নর্থ কাইবাব ট্রেইল থেকে ৬২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বন্যার পানির তীব্র স্রোতে পার্কের ট্রেইল অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা প্রায় সব কটি ফুটব্রিজ ধ্বংস হয়ে গেছে, যার ফলে ওই এলাকায় হাইকারদের চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রেক্ষিতে ফ্যান্টম র্যাঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড এবং পুরো নর্থ কাইবাব ট্রেইল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
কলোরাডো নদীর ওপর অবস্থিত ব্ল্যাক ব্রিজ এবং সিলভার ব্রিজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। নদীটিতে ধাতব কাঠামো এবং ভারী ধ্বংসাবশেষ ভেসে আসায় সেখানে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যা আরও ভূমিধস বা ধ্বংসাবশেষ প্রবাহের কারণ হতে পারে।

