দিনাজপুরের হাকিমপুর থানায় পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যাওয়া আসামি মোশাররফ হোসেন ওরফে মোস্তফাকে (২৪) ১৪ ঘণ্টার ব্যবধানে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়।
শুক্রবার বিকেলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মোশাররফ হোসেন হাকিমপুর (হিলি) পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বাসিন্দা বছির উদ্দিনের ছেলে। ওসি জানান, তিনি হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে মাদক ও পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেন ওরফে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রুজু হওয়া একটি মামলায় তিনি সন্দিগ্ধ আসামি হিসেবে আটক ছিলেন। থানায় নিয়ে আসার পর গেটের ভেতরে তিনি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং একপর্যায়ে দৌড়ে পালিয়ে যান। পুলিশ ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে তিনি ঝোপঝাড়ের ভেতর দিয়ে আত্মগোপন করেন।
ঘটনার পর শুক্রবার সকালে পুলিশ তার বাড়িতে গিয়ে পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে মোবাইল নম্বর সংগ্রহ করে। আধুনিক তথ্যপ্রযুক্তি, স্থানীয় সোর্স এবং আত্মীয়স্বজনের মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ নিশ্চিত হয় যে, তিনি হাকিমপুর থানা এলাকা ছেড়ে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় পালিয়ে গেছেন। পরে হাকিমপুর থানা পুলিশের একটি দল পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ওসি মো. বাদশা আলম জানান, গ্রেপ্তার আসামিকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

