আসন্ন ইরানি কাপের ম্যাচে জম্মু ও কাশ্মীরের মুখোমুখি হতে যাচ্ছে অবশিষ্ট ভারত (রেস্ট অব ইন্ডিয়া)। আগামী ১ অক্টোবর থেকে শ্রীনগরে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই ম্যাচে অবশিষ্ট ভারত দলকে নেতৃত্ব দেবেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। দলে তাঁর সহকারী বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান।
ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ডানহাতি পেসার আকাশ দীপ। তবে তাঁর খেলা পুরোপুরি নির্ভর করছে ফিটনেস পরীক্ষার ওপর। পিঠের নিচের অংশের চোটের (লোয়ার-ব্যাক স্ট্রেস ইনজুরি) কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে বাংলার হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলার পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি তাঁকে। এই চোটের কারণে তিনি আইপিএল ২০২৬ এবং পরবর্তীতে জাতীয় দলের বেশ কয়েকটি ম্যাচ মিস করতে বাধ্য হন।
এবারের দল নির্বাচনে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সকে বিশেষ মূল্যায়ন করেছেন নির্বাচকেরা। গত রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা শীর্ষ চার রান সংগ্রাহককে পুরস্কৃত করা হয়েছে এই স্কোয়াডে। তাঁরা হলেন—আর স্মরন (৯৫০ রান), আয়ুশ দোসেজা (৯৪৯ রান), সনৎ সাঙ্গওয়ান (৮২৮ রান) এবং সুদীপ কুমার ঘরামি (৭৯৭ রান)।
অবশিষ্ট ভারতের পেস আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন মুকেশ কুমার ও মুকেশ চৌধুরী। আর স্পিন বিভাগের মূল দায়িত্ব সামলাবেন মানব সুতার এবং সারাংশ জৈন। প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর দল এবার ২০১৫-২৬ মৌসুমের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হিসেবে এই ম্যাচে অংশ নেবে।
ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক)সনৎ সাঙ্গওয়ানশিখর মোহনসুদীপ ঘরামিসরফরাজ খান (সহ-অধিনায়ক)আর স্মরনমানব সুতারসারাংশ জৈনআকাশ দীপমুকেশ কুমারমুকেশ চৌধুরীআরিয়ান জুয়াল (উইকেটরক্ষক)আরিয়ান পান্ডেঅনুকূল রায়আয়ুশ দোসেজা

