ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক যুবাল আব্রাহাম ও র্যাচেল জোরের নাগরিকত্ব বাতিলের দাবি জানিয়েছেন। ‘নাজা’ নামের একটি তথ্যচিত্র নির্মাণের জন্য তাদের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’-এর অভিযোগ তুলেছেন তিনি। তথ্যচিত্রটি গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো ব্যাপক বেসামরিক হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে নির্মিত।
দ্য গার্ডিয়ান প্রযোজিত এই ৮০ মিনিটের তথ্যচিত্রটি ভেনিস চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ জুরি পুরস্কার জিতেছে। উৎসবের ইতিহাসে রেকর্ড গড়ে এটি ২৫ মিনিটব্যাপী দাঁড়িয়ে অভিবাদন পেয়েছিল। তথ্যচিত্রটির নামকরণ করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একটি পরিভাষা থেকে, যা একটি বিমান হামলায় কতজন বেসামরিক নাগরিক মারা যেতে পারে তার সম্ভাব্য হিসাব নির্দেশ করে।
চলচ্চিত্রটিতে ২৪ জন ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা হুইসেলব্লোয়ারের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা গাজায় বোমা হামলার জন্য ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থার ভয়াবহতা তুলে ধরেছেন। এক সাক্ষাৎকারে একজন সূত্র দাবি করেন, হামাসের একজন সদস্যকে মারার জন্য ৫০০ বেসামরিক নাগরিকের মৃত্যু অনুমোদন করা হয়েছিল।
ঘটনার পর মিকি জোহর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, “বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষীদের হাততালি পাওয়ার জন্য যারা নিজেদের মাতৃভূমির ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে আমি অবিলম্বে ব্যবস্থা নেব। রাষ্ট্রদ্রোহের দায়ে এই জঘন্য নির্মাতাদের ইসরায়েলি নাগরিকত্ব বাতিল করব।”
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও নির্মাতাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “তোমরা ইসরায়েলের মানুষের জন্য লজ্জা ও বিব্রতকর। চলে যাও!” একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তাদের স্বাগত জানাবে।
ইসরায়েলের আইন অনুযায়ী নাগরিকত্ব বাতিলের সুযোগ থাকলেও তা সচরাচর প্রয়োগ করা হয় না। ২০২২ সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে, গুপ্তচরবৃত্তি বা রাষ্ট্রদ্রোহের মতো কাজের মাধ্যমে ‘আনুগত্য’ প্রমাণে ব্যর্থ হলে রাষ্ট্র নাগরিকত্ব কেড়ে নিতে পারে। ২০২৩ সালে এই আইনটি ‘সন্ত্রাসবাদ’-এর দায়ে অভিযুক্তদের ক্ষেত্রেও সম্প্রসারিত করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন, বিচারমন্ত্রীর অনুমোদন এবং বিচারকদের বৈধতা প্রয়োজন।
যুবাল আব্রাহাম এর আগে ২০২৫ সালে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে নির্মিত ‘নো আদার ল্যান্ড’ চলচ্চিত্রের জন্য অস্কার জিতেছিলেন। সেই ছবির প্রিমিয়ারের পর তার পারিবারিক বাড়ি ডানপন্থী উগ্রবাদীদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিল। আব্রাহাম গার্ডিয়ানকে বলেন, “আমরা এমন একটি ব্যবস্থায় ঝুঁকি নিচ্ছি যা আমাদের বিশেষ সুবিধা দেয় এবং যার ভিত্তি হলো ইহুদি-ইসরায়েলি আধিপত্য।” তিনি আরও যোগ করেন, “একজন ফিলিস্তিনি সাংবাদিক যদি আমাদের মতো কাজ করতেন এবং জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের ফোন করতেন, তবে তাদের সম্ভবত হত্যা করা হতো। এর কোনো তুলনা হয় না।”
ইসরায়েলি সামরিক বাহিনী ‘নাজা’ তথ্যচিত্রের অভিযোগগুলো “পুরোপুরি প্রত্যাখ্যান” করেছে। তারা সমালোচনা করে বলেছে, তথ্যচিত্রে ব্যবহৃত বেনামী সাক্ষীদের পরিচয় যাচাই করা সম্ভব নয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলি বোমাবর্ষণে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৭৩,০০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ওই হামলায় ১,২২১ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল।

