ম্যাসাচুসেটসের ডক্সবারিতে তিন সন্তানকে হত্যার দায়ে অভিযুক্ত লিন্ডসে ক্ল্যানসির মামলার জুরি কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর জুরি সদস্যরা বিচারক উইলিয়াম সুলিভানকে তাদের অচলাবস্থার কথা জানান। ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বিচারক আদালতে জুরির পক্ষ থেকে পাঠানো একটি নোট পড়ে শোনান, যেখানে নয়জন নারী ও তিনজন পুরুষ সদস্যের সমন্বয়ে গঠিত জুরি তাদের ঐকমত্যে পৌঁছানোর অক্ষমতার বিষয়টি উল্লেখ করেন।
বিচারক সুলিভান জুরিকে তাদের আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ৮০ জনের বেশি সাক্ষী এবং ৩০০টিরও বেশি প্রমাণ উপস্থাপন করা হয়েছে। বিচারক তাদের দেওয়া সব নির্দেশনা মাথায় রেখে পুনরায় প্রমাণগুলো পর্যালোচনার অনুরোধ জানান।
৩৬ বছর বয়সী লিন্ডসে ক্ল্যানসি ২০২৩ সালের জানুয়ারি মাসে তার তিন সন্তান কোরা (৫), ডসন (৩) এবং ক্যালান (৮ মাস) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে অভিযুক্ত। ক্ল্যানসি এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রসিকিউটরদের দাবি, স্বামী বাইরে থাকাকালীন সময়ে ক্ল্যানসি পরিকল্পিতভাবে ব্যায়ামের ব্যান্ড দিয়ে সন্তানদের শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি নিজেও জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন।
ক্ল্যানসির আইনজীবী কেভিন রেডিংটন তার মক্কেলের পক্ষে মানসিক অসুস্থতার যুক্তি তুলে ধরেছেন। তার দাবি, ঘটনার সময় ক্ল্যানসি প্রসবোত্তর বিষণ্নতা (পোস্টপার্টাম ডেসপ্রেশন) এবং সাইকোসিসে ভুগছিলেন, যার কারণে তিনি অপরাধের দায়ভার বহন করার মতো অবস্থায় ছিলেন না।
মামলার রায় নিয়ে জুরি যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, তবে বিচারক শেষ পর্যন্ত মিস্ট্রায়াল বা বিচার বাতিলের ঘোষণা দিতে পারেন। তবে তার আগে বিচারক জুরিকে আলোচনার জন্য বিশেষ নির্দেশনা দিতে পারেন, যা ম্যাসাচুসেটসে 'টুয়ে-রদ্রিগেজ চার্জ' নামে পরিচিত। এর আগে ২৮ আগস্ট জুরি ক্ল্যানসির বেডরুমে পাওয়া খালি ওষুধের বোতল এবং একটি ছুরি দেখার অনুরোধ জানিয়েছিল। বর্তমানে ক্ল্যানসি ২০২৩ সালের মে মাস থেকে টেক্সবারি হাসপাতালে মানসিক চিকিৎসার অধীনে রয়েছেন।

