মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে হত্যার ষড়যন্ত্রের দায়ে রায়ান মাইকেল ইংলিশ নামের এক ব্যক্তিকে ছয় বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো। ম্যাসাচুসেটসের সাউথ ডিয়ারফিল্ডের বাসিন্দা ২৪ বছর বয়সী রায়ান মাইকেল ইংলিশ, যিনি রেলি জেন ইংলিশ নামেও পরিচিত, ২৭ জানুয়ারি ২০২৫ সালে ইউএস ক্যাপিটল পুলিশের কাছে এই ষড়যন্ত্রের কথা স্বীকার করেছিলেন।
মার্কিন ক্যাপিটল পুলিশের রিপোর্ট অনুযায়ী, পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুটি বোতল ভর্তি 'ইমপ্রোভাইজড মলোটভ ককটেল' এবং একটি ছুরি উদ্ধার করে। মার্কিন অ্যাটর্নির কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, ইংলিশ পুলিশকে বলেছিলেন যে তিনি এমন একজন ক্যাবিনেট মনোনীত ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করেছিলেন, যার নিয়োগের বিষয়ে ওই দিনই ভোট হওয়ার কথা ছিল। একইসঙ্গে তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি থিংক ট্যাঙ্কে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিলেন বলেও স্বীকার করেন।
মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, তার কার্যালয় সরকারি কর্মকর্তাদের ভয় দেখানো বা ক্ষতি করার কোনো প্রচেষ্টাকে সহ্য করবে না। তিনি আরও বলেন, স্কট বেসেন্টকে হামলার চেষ্টা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর একটি আঘাত, যা আমাদের মূল্যবোধের পরিপন্থী। তিনি উল্লেখ করেন যে, অপরাধী এখন একজন দোষী সাব্যস্ত ব্যক্তি এবং তাকে কারাগারেই পাঠানো হয়েছে।
মে মাসে দোষ স্বীকার করার পর বিচারক রুডলফ কনট্রেরাস ইংলিশকে ৭৩ মাসের কারাদণ্ড এবং মুক্তি পাওয়ার পর তিন বছরের নজরদারিতে থাকার নির্দেশ দিয়েছেন। যদিও কৌঁসুলিরা তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিলেন।

