মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর কুলিয়াকানে মাদক চোরাচালানকারী চক্র বা কার্টেলের সহিংসতা বন্ধের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। সিনালোয়া কার্টেলের দুটি বিবদমান পক্ষের রক্তক্ষয়ী লড়াইয়ে শহরটিতে খুন ও গুমের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়েছে।
রবিবার আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বাসিন্দারা সাদা পোশাক পরেছিলেন। এ সময় তাদের হাতে ছিল নিখোঁজ স্বজনদের ছবি এবং "আমরা ভয় চাই না, শান্তি চাই" লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড। সিনালোয়া রাজ্যে ৩০ লাখেরও বেশি মানুষের বসবাস। স্থানীয়দের অভিযোগ, 'লস চাপিতোস' এবং 'লা মায়িজা' নামের দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যকার এই যুদ্ধ তাদের জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে।
দুই বছর আগে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। মূলত যুক্তরাষ্ট্রে ওয়ান্টেড ড্রাগ লর্ড ইসমায়েল "এল মায়ো" জাম্বাদা গ্রেফতার হওয়ার পর এই কোন্দল শুরু হয়। জাম্বাদার অনুসারী দল 'লা মায়িজা'র অভিযোগ, সিনালোয়া কার্টেলের কুখ্যাত প্রতিষ্ঠাতা জোয়াকিন "এল চাপো" গুজমানের ছেলে জাম্বাদাকে ধরিয়ে দিয়ে বিশ্বাসঘাতকতা করেছেন। এরপরই তারা এল চাপোর ছেলেদের নেতৃত্বাধীন দল 'লস চাপিতোস'-এর ওপর চড়াও হয়।
এই দুই পক্ষ নিয়মিত ওত পেতে হামলা, চলন্ত গাড়ি থেকে গুলি এবং ট্রাক ছিনতাই করে সেগুলোতে আগুন ধরিয়ে রাস্তা অবরোধের মতো সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে। কুলিয়াকানের সাধারণ মানুষ এই গৃহযুদ্ধের মাঝে আটকা পড়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যে কেবল খুন ও গুমই বাড়েনি, বরং চাঁদাবাজি ও ডাকাতির ঘটনাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মধ্য-বামপন্থী বিরোধী দল 'মুভিমেন্তো সিউদাদানো'র নেতা ও স্থানীয় ব্যবসায়ী সার্জিও এসকের ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানান, এই কোন্দল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫,০০০-এরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তিনি একে সিনালোয়ার জন্য এক চরম ট্র্যাজেডি বলে উল্লেখ করেন।
ভুক্তভোগীদের পরিবার, স্থানীয় ব্যবসায়ী, সুশীল সমাজ এবং ক্যাথলিক চার্চ যৌথভাবে রবিবারের এই প্রতিবাদের আয়োজন করে। কর্মসূচির শুরুতে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়, যেখানে কুলিয়াকানের বিশপ যুদ্ধরত পক্ষগুলোকে সহিংসতা বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, "থামুন, দেখুন কী ঘটছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দিকে তাকান, আমাদের তরুণ সমাজ ও শহরের দিকে তাকান। কোনো ক্ষমতা, অর্থ, অঞ্চল বা উচ্চাকাঙ্ক্ষাই মানুষের জীবনের চেয়ে মূল্যবান হতে পারে না।" বিক্ষোভে অংশ নিয়েছিলেন গত সপ্তাহে শহরে এক বন্দুকযুদ্ধের সময় মাথায় গুলি লেগে মারা যাওয়া এক বছর বয়সী এক শিশুর স্বজনরাও।
সহিংসতার পাশাপাশি সিনালোয়া রাজ্যে রাজনৈতিক অস্থিরতাও দেখা দিয়েছে। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা রাজ্যের গভর্নর রুবেন রোচা এবং আরও নয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে লস চাপিতোসের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনেন। রোচা এই অভিযোগ অস্বীকার করলেও মেক্সিকান প্রসিকিউটররা তদন্ত শুরু করলে তিনি সাময়িকভাবে পদত্যাগ করেন। তিন সপ্তাহ আগে তিনি পুনরায় দায়িত্বে ফিরলেও মাত্র কয়েকদিন পরেই আবার ছুটির আবেদন করেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নাম উল্লেখ না করে লিখেছিলেন, "নীতিহীন ক্ষমতা অহংকারে পরিণত হয়", যার পরপরই রোচা ছুটি নেন।

