কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের যুগে কপিরাইট সুরক্ষার লড়াইয়ে এক বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মিউজিক প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। প্রযুক্তি খাতের স্টার্টআপ 'অ্যানথ্রোপিক'-এর বিরুদ্ধে কপিরাইট করা গান চুরির অভিযোগে একটি বড় ধরনের মামলা দায়ের করেছে তারা। এই মামলাটিকে "ইতিহাসের অন্যতম বৃহৎ এবং সবচেয়ে প্রকাশ্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি চুরি" বলে অভিহিত করা হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে উত্তর ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, সনি মিউজিক এবং ওয়ার্নার মিউজিকের সহযোগী প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এই আইনি পদক্ষেপ নিয়েছে। মামলায় অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই এবং সহ-প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ম্যানকেও বিবাদী করা হয়েছে।
আদালতে জমা দেওয়া ৪৮ পৃষ্ঠার অভিযোগে প্রকাশকরা দাবি করেছেন, অ্যানথ্রোপিক এবং এর প্রতিষ্ঠাতারা তাদের এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য অনুমতি ছাড়াই নিয়মতান্ত্রিকভাবে কপিরাইটযুক্ত কনটেন্ট সংগ্রহ করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা তাদের 'ক্লদ' (Claude) সিরিজের এআই মডেলগুলো তৈরি, পরিচালনা এবং তা থেকে বিপুল মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাপক পরিসরে অবৈধভাবে কপিরাইটযুক্ত কাজ টরেন্ট, স্ক্র্যাপ ও ডাউনলোড করার মতো বেআইনি অভিযান পরিচালনা করেছেন।
মিউজিক প্রকাশকদের অভিযোগ, অ্যানথ্রোপিক বেআইনিভাবে হাজার হাজার কপিরাইটযুক্ত সংগীতকর্ম নকল করেছে। প্রতিটি লঙ্ঘিত কাজের জন্য তারা ক্ষতিপূরণ হিসেবে লাখ লাখ ডলার দাবি করছে।
এআই মডেল প্রশিক্ষণে কপিরাইটযুক্ত উপাদান ব্যবহারের অভিযোগে অ্যানথ্রোপিক এবারই প্রথম আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে না। এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে লেখক ও প্রকাশকদের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের একটি সমঝোতায় পৌঁছাতে সম্মত হয়েছিল প্রতিষ্ঠানটি, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কপিরাইট সংক্রান্ত সমঝোতা হিসেবে আখ্যায়িত হয়েছিল।

