হাঁটুর ইনজুরির কারণে আসন্ন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার নাজিহা আলভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, আলভি তার বাঁ হাঁটুর পেছনের দিকে ব্যথা অনুভব করছিলেন। স্ক্যান করার পর সেখানে সম্ভাব্য স্প্রেইন বা মচকানোর বিষয়টি ধরা পড়েছে। পিসিবির মেডিকেল টিমের মূল্যায়নের পর তাকে অবিলম্বে পুনর্বাসন প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার সুস্থ হতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আলভির পরিবর্তে পাকিস্তান স্কোয়াডে জায়গা পেয়েছেন ডানহাতি ব্যাটার সাদা শামা। তিনি আগে থেকেই দলের রিজার্ভ তালিকায় ছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শামা। যদিও ২০২৪ সালের অক্টোবরের পর থেকে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে খেলেননি, তবে ওয়ানডেতে তার সাম্প্রতিক পারফরম্যান্স বেশ উজ্জ্বল। চলতি বছর নয় ইনিংসে ব্যাট করে তিনি ৪৮৮ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে একটি আন্তর্জাতিক সেঞ্চুরি ও চারটি অর্ধশতক রয়েছে।
আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে এবারের নারী এশিয়া কাপ। পাকিস্তান দল এই টুর্নামেন্টে গ্রুপ 'এ'-তে রয়েছে, যেখানে তাদের সঙ্গী ভারত, থাইল্যান্ড ও হংকং। আগামী ১ সেপ্টেম্বর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের টুর্নামেন্ট অভিযান শুরু করবে পাকিস্তান। এরপর ৫ সেপ্টেম্বর তারা ভারতের মুখোমুখি হবে এবং ৭ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।
পাকিস্তান স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), আয়েশা জাফর, ইমান নাসির, ইমান ফাতিমা, গুল ফিরোজা, মোমিনা রিয়াসাত, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল, সায়রা জাবিন, শাওয়াল জুলফিকার, তুবা হাসান, উম্মে হানি, ওয়াহিদা আক্তার, সাদা শামা। রিজার্ভ: তাসমিয়া রুবাব, হুমনা বিলাল, মাহাম আনিস।

