২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের দ্রুত বিদায়ের পর ক্লাব ফুটবলে ফিরেছেন নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে গোল করার পর এক অভিনব উদযাপনের মাধ্যমে নিজের সমালোচকদের কড়া জবাব দিয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে ১০ জনের আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে স্পেন যখন তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে, তখন কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল গত ৩৬ বছরের মধ্যে সবচেয়ে বাজে পারফরম্যান্সের শিকার হয়েছে।
রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। নরওয়ের হয়ে শেষ ১১ মিনিটে দুটি গোল করেন স্ট্রাইকার আর্লিং হালান্ড। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন নেইমার। কিন্তু তা দলের বিদায় ঠেকাতে পারেনি। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর এবারই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেল সেলেসাওরা।
প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা ৩৪ বছর বয়সী নেইমার এই বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান, যা নিয়ে সমালোচকরা তার পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেন। এর মধ্যে ব্রাসিলিরাও ২০২৬-এর ম্যাচে শাপেকোয়েনসের বিরুদ্ধে সান্তোসের হয়ে গোল করার পর নেইমার তার সমালোচকদের খোঁচা দিয়ে উদযাপন করেন। মূলত পোকার খেলার প্রতি তার আসক্তি নিয়ে যারা সমালোচনা করছিলেন, এই উদযাপনের মাধ্যমে তাদেরই জবাব দিয়েছেন তিনি।
কোপা সুডামেরিকানায় সান্তোসের ম্যাচ থাকার দিনই ব্রাজিলের সাও পাওলোতে একটি পোকার টুর্নামেন্টে অংশ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন নেইমার। এই সমালোচনার জবাবে তিনি নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, "মানুষ শুধু আমার পোকার খেলা নিয়ে কথা বলেই যাচ্ছে। আমি সেদিন সকালে আমার নিয়মিত অনুশীলন শেষ করেছিলাম। ক্লাবের সাথে চোট কাটিয়ে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই আমি ওই ম্যাচে খেলিনি, কারণ আমি কেবল আবার অনুশীলন শুরু করেছিলাম। আর পরের দিনটি ছিল আমার ছুটির দিন।"
এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের গ্রুপ পর্বের জয়ের শেষ কোয়ার্টারে প্রথম মাঠে নেমেছিলেন নেইমার। নিজের চতুর্থ বিশ্বকাপ খেলা এই তারকা সেলেসাওদের হয়ে বিশ্বমঞ্চে ১৫ ম্যাচে মোট ৯টি গোল করে তার বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টানলেন।

