ইতালিয়ান সিরি এ-তে আক্রমণভাগের উইঙ্গারদের নিয়ে ক্লাবগুলোর মধ্যে বেশ উত্তেজনাপূর্ণ লড়াই শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো ডেনজেল ডামফ্রিসের বিকল্প খুঁজছে ইন্টার মিলান। অন্যদিকে, অলিম্পিক স্টেডিয়ামে জান পিয়েরো গাসপেরিনি কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই একজন ভালো উইঙ্গারের অভাব অনুভব করছে রোমা। এই পরিস্থিতিতে জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা নিকো গঞ্জালেসের দিকে নজর দিয়েছে দুই ক্লাবই।
স্কাই স্পোর্ট ইতালির দলবদল বিষয়ক সাংবাদিক জানলুকা দি মার্জিও জানিয়েছেন, আতলেতিকো মাদ্রিদে লোন পর্ব শেষ করে জুভেন্টাসে ফেরা নিকো গঞ্জালেসকে দলে ভেড়াতে চায় ইন্টার। জুভেন্টাসের সাথে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি থাকা এই উইঙ্গারকে কেনার বিকল্পসহ লোনে (loan with option to buy) নিতে আগ্রহী নেরাজ্জুরিরা। ইতোমধ্যে ইন্টারের পক্ষ থেকে গঞ্জালেসের প্রতিনিধিদের সাথে প্রাথমিক যোগাযোগও করা হয়েছে।
তবে ইন্টারকে এই দৌড়ে বড় প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে রোমার কাছ থেকে। আরবি লাইপজিগের আন্তোনিও নুসার বিকল্প হিসেবে নিকো গঞ্জালেসকে বিবেচনা করছে রোমা। জুভেন্টাসও ২০২৬-২৭ মৌসুমের জন্য এই আর্জেন্টাইন উইঙ্গারকে লোনে ছাড়তে রাজি আছে বলে জানা গেছে।
এর আগে ইন্টারের প্রথম পছন্দ ছিল মুসা দিয়াবি। কিন্তু ২০২৪ সালে অ্যাস্টন ভিলা থেকে ৬০ মিলিয়ন ইউরোতে আল-ইত্তিহাদে যোগ দেওয়া দিয়াবির আকাশচুম্বী বেতন ইন্টারের পক্ষে একা বহন করা অসম্ভব। ক্রিস্টিয়ান আসলানিকে চুক্তির অংশ করে বা সরাসরি লোনে দিয়াবিকে নিতে চেয়েছিল ইন্টার, তবে আল-ইত্তিহাদ যদি তার বেতনের একটি বড় অংশ পরিশোধ করতে রাজি হয়, তবেই কেবল এই দলবদল সম্ভব। আর সে কারণেই ইন্টার এখন নিকো গঞ্জালেসের দিকে ঝুঁকছে।

