সম্প্রতি নিজের পডকাস্ট ‘দ্য নিকি অ্যান্ড ব্রি শো’-তে ব্যক্তিজীবন ও প্রেমের গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন ডাব্লিউডাব্লিউই হল অব ফেমার নিকি বেলা। ২০২৪ সালে আর্টেম চিগভিনৎসেভের সঙ্গে বিচ্ছেদের আবেদন জানানোর পর থেকে এই সাবেক ডাইভাস চ্যাম্পিয়নের প্রেম নিয়ে নানা গুঞ্জন রটে। সম্প্রতি ফিলাডেলফিয়া ইগলসের এনএফএল তারকা কুপার ডিজিনের সঙ্গে তাঁর প্রেমের কথা বলা হলেও সেটিকে সম্পূর্ণ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
পডকাস্টে নিকি প্রকাশ করেন, ছুটির মৌসুমে অনেকেই তাঁকে বিভিন্ন পুরুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন। এই প্রচেষ্টার প্রশংসা করলেও এখনই নতুন কোনো সম্পর্কে জড়াতে আগ্রহী নন বলে স্পষ্ট জানান তিনি। রসিকতা করে নিকি বলেন, “আমরা কোনো পুরুষ খুঁজছি না। গত কয়েক দিনে ফেসটাইমে আমার সামনে পুরুষদের উপস্থাপন করা কিংবা অস্বস্তিকরভাবে তাদের প্রসঙ্গ তোলার বিষয়ে আমি ক্লান্ত। তারা যথেষ্ট সুদর্শন পুরুষ… তবে আমি নিজের জন্য নতুন কোনো স্টার্টিং লাইনআপ তৈরি করতে যাচ্ছি না। তাই আমি বেশ ভালোই আছি।” বর্তমানে আর্টেম ও নিকি যৌথভাবে তাঁদের ছেলে মাতেওর অভিভাবকত্ব পালন করছেন।
পডকাস্টে ব্যক্তিজীবনের আলোচনার পাশাপাশি ডাব্লিউডাব্লিউই শুক্রবারের স্ম্যাকডাউনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন ‘দ্য ফিয়ারলেস ওয়ান’। গত মাসে একটি একক ম্যাচে পেইজকে মাত্র কয়েক মিনিটের মধ্যে হারিয়ে মূল ইভেন্টে নজর দেন তিনি। সেখানে সরাসরি ডাব্লিউডাব্লিউই উইমেনস চ্যাম্পিয়ন চেলসি গ্রিনকে লক্ষ্য বানান তিনি।
সম্প্রতি স্ম্যাকডাউনের ব্যাকস্টেজ পর্বে চেলসি গ্রিনের মুখোমুখি হন নিকি। সেখানে গ্রিন মন্তব্য করেন, চ্যাম্পিয়নের সাফল্য দেখে নিকি হয়তো ঈর্ষান্বিত। এর জবাবে নিকি কড়া ভাষায় গ্রিনকে ‘নিকি বেলার সস্তা সংস্করণ’ বলে তোপ দাগেন এবং বলেন যে তিনি শিরোপা জিতলে সেটির মান আরও বাড়াবেন। ব্যাকস্টেজ আলাপে ম্যাট কার্ডোনার নাম টেনে আনলে চেলসি গ্রিন আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। আগামী সপ্তাহে পেইজের বিরুদ্ধে ফের রিংয়ে নামবেন নিকি বেলা। ওই ম্যাচে জয় পেলে আসন্ন সপ্তাহগুলোতে চেলসি গ্রিনের বিরুদ্ধে উইমেনস চ্যাম্পিয়নশিপ ম্যাচের সুযোগ পেতে পারেন এই হল অব ফেমার।

