নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের হামলায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি পুলিশের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন এবং সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। রোববার রাত ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা হাশেমবাগ এলাকার একটি পরিত্যক্ত মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে রাত ১১টার দিকে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও শনাক্ত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সাদা পোশাকে তথ্য সংগ্রহের জন্য গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার নিহত হন। তিনি আরও জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে যেখানে আগেও পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করেছে। এই হামলার পেছনে কোনো চিহ্নিত মাদক কারবারি চক্রের সংশ্লিষ্টতা আছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, চলমান শ্রমিক অসন্তোষের বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে কনস্টেবল আনোয়ার অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাকে লক্ষ্য করেই এই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

