যুক্তরাষ্ট্রের একটি আদালত রায় দিয়েছে যে, মেডিকেল ড্রামা সিরিজ 'দ্য পিট' এবং জনপ্রিয় সিরিজ 'ইআর'-এর মধ্যে যথেষ্ট মিল রয়েছে। এই রায়ের ফলে 'ইআর'-এর নির্মাতা মাইকেল ক্রিকটনের বিধবা স্ত্রী শেরি ক্রিকটনের দায়ের করা মামলাটি সামনে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হলো। শেরি ক্রিকটন অভিযোগ করেছেন যে, 'দ্য পিট' মূলত 'ইআর'-এর একটি রিবুট বা নতুন সংস্করণ, যা যথাযথ অনুমতি বা কৃতিত্ব ছাড়াই তৈরি করা হয়েছে।
মাইকেল ক্রিকটনের চুক্তিতে একটি 'ফ্রোজেন রাইটস' বা স্থবির অধিকারের শর্ত ছিল, যা তার স্পষ্ট সম্মতি ছাড়া 'ইআর'-এর কোনো স্পিন-অফ, সিক্যুয়েল বা রিবুট তৈরিতে বাধা দিত। তিন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল জানিয়েছে, 'দ্য পিট' এবং 'ইআর'-এর মধ্যে অনেকগুলো স্পষ্ট মিল রয়েছে। আদালত এই মিলগুলোর তালিকায় জরুরি বিভাগের পরিবেশ, দ্রুত গতি, চিকিৎসা বিজ্ঞানের পরিভাষার ব্যবহার, আঘাতের গ্রাফিক চিত্রায়ণ এবং মেডিকেল স্কুল থেকে পাস করা তরুণ চিকিৎসকদের প্রশিক্ষণের বিষয়গুলো উল্লেখ করেছে। বিচারকরা জানিয়েছেন, এই বিস্তারিত তথ্যগুলো একটি প্রাথমিক মামলা হিসেবে বিবেচনার জন্য যথেষ্ট।
মামলাটি এখন লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে জুরি ট্রায়ালের দিকে যাচ্ছে। তবে আদালত অভিনেতা-প্রযোজক নোয়া ওয়াইল, নির্বাহী প্রযোজক জন ওয়েলস এবং শো-রানার আর স্কট জেমমিলের বিরুদ্ধে আলাদা সব দাবি খারিজ করে দিয়েছে। বিচারকদের মতে, এই তিন প্রযোজক মাইকেল ক্রিকটনের চুক্তির অধিকার লঙ্ঘন করছেন—এমন কোনো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।
১৯৯৪ সালে শুরু হওয়া 'ইআর' সিরিজটি ছিল মাইকেল ক্রিকটনের লেখা চিত্রনাট্যভিত্তিক। শিকাগোর একটি জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের নিয়ে তৈরি এই সিরিজটি ১৫ বছরে ৩৩১টি পর্ব প্রচার করেছিল এবং ২৩টি এমি পুরস্কার জিতেছিল। ২০২০ সালের দিকে ওয়ার্নার ব্রস স্টুডিও ক্রিকটনের এস্টেটের সাথে সিরিজটি পুনরায় তৈরির আলোচনা শুরু করলেও তা ক্রেডিট ও আর্থিক নিশ্চয়তার অভাবে ভেঙে যায়। এরপরই স্টুডিওটি 'দ্য পিট' তৈরির কাজ শুরু করে।
শেরি ক্রিকটন ও জন মাইকেল ক্রিকটন ট্রাস্টের অভিযোগ, নির্মাতারা কেবল শিকাগো থেকে সিরিজটিকে পিটসবার্গে সরিয়ে নিয়েছেন এবং নাম বদলে 'দ্য পিট' রেখেছেন, যা মূলত একই ফরমুলার একটি অননুমোদিত রিবুট।
২০২৫ সালে প্রথম প্রচারিত পিটসবার্গের জরুরি বিভাগের প্রেক্ষাপটে তৈরি মেডিকেল সিরিজ ‘দ্য পিট’-এ অভিনয় করেছেন নোয়া ওয়াইল।
২০২৪ সালে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর ওয়ার্নার ব্রস টেলিভিশন এক বিবৃতিতে জানায় যে, এই মামলাটি ‘ভিত্তিহীন’। তারা যুক্তি দেয় যে ‘দ্য পিট’ একটি ‘নতুন ও মৌলিক শো’ এবং স্টুডিওটি এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।

