জার্মানির মিউনিখ শহরের পশ্চিমে একটি মহাসড়কে পর্যটকবাহী বাস উল্টে গিয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে রোববার জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৬টার দিকে জার্মানির ওস্টালগাউ অঞ্চলের বুকলোর কাছে মহাসড়ক থেকে বাসটি ছিটকে পড়ে উল্টে যায়। জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে তা এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ডিপিএ-এর তথ্য অনুযায়ী, বাসটি সুইজারল্যান্ডের জুরিখ শহর থেকে ইতালির মিলানের দিকে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, বাসটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন এবং তারা সবাই ফিলিপাইনের নাগরিক।
উল্লেখ্য, এর কয়েক সপ্তাহ আগেই পূর্ব সুইজারল্যান্ডে একটি ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছিলেন।

