যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর পিছিয়ে যাচ্ছে ঘড়ি, পাসের মুখ দেখেনি সময় পরিবর্তন বিল

আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং মার্কিন কংগ্রেসের অবকাশকালীন ছুটির কারণে যুক্তরাষ্ট্রে বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তনের প্রথা বাতিলের আইনটি নিয়ে আলোচনা বর্তমানে স্থবির হয়ে পড়েছে। ফলে কোনো নতুন সিদ্ধান্ত ছাড়াই স্বাভাবিক নিয়ম অনুযায়ী আগামী ১ নভেম্বর যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিককে তাঁদের ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নিতে হবে।

গত কয়েক মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত তাগিদ এবং এ প্রথা বাতিলের পক্ষে জনসমর্থন বাড়া সত্ত্বেও আইনপ্রণেতারা এখনো ‘সানশাইন প্রটেকশন অ্যাক্ট’ বিলটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য তাঁর টেবিলে পাঠাতে পারেননি। ফলে বিদ্যমান ফেডারেল আইন অপরিবর্তিতই রয়ে গেছে এবং শীতের আগমন উপলক্ষে মার্কিনদের সময় পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হচ্ছে।

স্থনীয় সময় আগামী ১ নভেম্বর (রবিবার) রাত ২টায় আনুষ্ঠানিকভাবে ডেলাইটিং সেভিং টাইম শেষ হবে। সে সময়ে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হবে। এই পরিবর্তনের ফলে দেশবাসী ঘুমের জন্য অতিরিক্ত এক ঘণ্টা সময় পাবেন এবং শীত ঘনিয়ে আসার সাথে সাথে সকালে দ্রুত আলো ফুটবে ও সন্ধ্যায় শিগগিরই সূর্য ডুববে। বর্তমান আইন অনুযায়ী, মার্চ মাসের দ্বিতীয় রবিবার ডেলাইটিং সেভিং টাইম শুরু হয় এবং নভেম্বর মাসের প্রথম রবিবার তা শেষ হয়।

এই ব্যবস্থার স্থায়ী পরিবর্তনের বিল পাস না হওয়ার মূল কারণ মার্কিন কংগ্রেসে আইনটি আটকে থাকা। স্থায়ীভাবে ডেলাইটিং সেভিং টাইম চালু করা এবং বছরে দুবার সময় পরিবর্তনের ঝামেলা দূর করার লক্ষ্যে আনা সানশাইন প্রটেকশন অ্যাক্ট বিলটি গত জুলাই মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে ৩০১-১১৭ ভোটে পাস হয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর পর্যন্ত পৌঁছানোর চূড়ান্ত বাধা হিসেবে এটি এখন সেনেটে থমকে আছে। আইনপ্রণেতারা প্রস্তাবটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই ওয়াশিংটন ত্যাগ করায় পুরনো ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যেন বছরে দুবার ঘড়ি পরিবর্তনের নিয়ম বাতিল করে স্থায়ীভাবে ডেলাইটিং সেভিং টাইম বহাল রাখা হয়। গত ২ অক্টোবর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, সেনেটের রিপাবলিকানদের উচিত ‘নো মোর চেঞ্জিং অব ক্লকস অ্যাক্ট’ বা আনুষ্ঠানিকভাবে যা ‘সানশাইন প্রটেকশন অ্যাক্ট’ নামে পরিচিত, সেটি পাসে দ্রুত পদক্ষেপ নেওয়া। বর্তমান ব্যবস্থাটিকে ‘হাস্যকর’ অ্যাখ্যা দিয়ে ট্রাম্প যুক্তি দেখান যে, বছরে দুবার ঘড়ির সময় পরিবর্তন করা অত্যন্ত ব্যয়বহুল, মানসিক চাপযুক্ত এবং সাধারণ মানুষের কাছে অপ্রিয়। অধিকাংশ মানুষ সকালে আলোর চেয়ে বিকেলে অতিরিক্ত এক ঘণ্টা সূর্যালোক উপভোগ করতে বেশি পছন্দ করেন।

ট্রাম্পের জোরালো সমর্থন থাকা সত্ত্বেও সেনেটের বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা এ বিষয়ে এখনও পুরোপুরি আশ্বস্ত নন। আর্কানসাসের সেনেটর টম কটন জানান, তিনি ঘড়ি পরিবর্তন অপছন্দ করলেও এর আগে যুক্তরাষ্ট্র যখন স্থায়ী ডেলাইটিং সেভিং টাইম নিয়ে পরীক্ষা চালিয়েছিল, তখন শীতকালে অনেক দেরিতে সূর্য ওঠায় তীব্র জন অসন্তোষের মুখে তা বাতিল করতে হয়েছিল। অপরদিকে সেনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন গত ৫ অক্টোবর পলিটিকোকে জানান যে, এই আইনটি স্থায়ীভাবে কার্যকর করার কোনো স্পষ্ট পথ তিনি দেখছেন না। মিসিসিপির সেনেটর রজার উইকারও একই ধরনের উদ্বেগ প্রকাশ করে বলেন, শীতের সকালে উত্তরাঞ্চলীয় ও গ্রামীণ অঙ্গরাজ্যগুলোতে শিশুরা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে স্কুলের বাসের জন্য অপেক্ষা করতে বাধ্য হতে পারে, যা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এই বিরোধিতার কারণে বছরের শুরুতে ত্বরান্বিত হওয়া আইনটি বাস্তবায়নে বড় বাধা তৈরি হয়েছে।

তবে বিভিন্ন জরিপে দেখা গেছে যে, অধিকাংশ মার্কিন নাগরিক সময় পরিবর্তনের এই নিয়ম বাতিল করার পক্ষে। ২০২৩ সালের ইউগভ (YouGov) জরিপ অনুযায়ী, ৬২ শতাংশ আমেরিকান এই প্রথা বাতিলের পক্ষে মত দিয়েছিলেন। একইভাবে ২০২৫ সালের জানুয়ারি মাসে গ্যালাপের (Gallup) এক জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ মানুষ সময় পরিবর্তন বন্ধ করতে চান। কিন্তু এর পরিবর্তে কী নিয়ম চালু হবে তা নিয়ে নাগরিকরা বিভক্ত। একদল চান স্থায়ী ডেলাইটিং সেভিং টাইম, যা বিকেলে দীর্ঘ সময় সূর্যালোক দেবে; আর অন্য দল চান স্থায়ী স্ট্যান্ডার্ড টাইম, যা শীতের সকালে দ্রুত আলো ফোটা নিশ্চিত করবে।

২০২৫ সালের মার্চ মাসে এই বিতর্কটি নতুন করে উস্কে দেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক, যিনি সে সময় ট্রাম্পের 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি' (ডিডিওজিই)-এর দায়িত্বে ছিলেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি একটি মতামত জরিপ পরিচালনা করেন, যেখানে তিনি জানতে চান সময় পরিবর্তন তুলে দিলে ব্যবহারকারীরা ঘড়ি এক ঘণ্টা এগিয়ে রাখতে চান নাকি পিছিয়ে রাখতে চান। ১৩ লক্ষাধিক ব্যবহারকারীর মধ্যে ৫৮ শতাংশ মানুষ বিকেলে দীর্ঘ সূর্যালোক (ডেলাইটিং সেভিং টাইম) এবং ৪২ শতাংশ মানুষ সকালে আগে সূর্যালোক (স্ট্যান্ডার্ড টাইম) পাওয়ার পক্ষে ভোট দেন।

সাধারণ মানুষ ঘড়ি পরিবর্তনের বিষয়ে বিরক্ত হলেও স্বাস্থ্য ও ঘুম সংক্রান্ত বিশেষজ্ঞরা স্থায়ী ডেলাইটিং সেভিং টাইমের সুবিধা নিয়ে দ্বিধাবিভক্ত। ঘুম গবেষকদের মতে, ঘড়ির সময় পরিবর্তনের ফলে শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’ বিঘ্নিত হয়। অনেক বিশেষজ্ঞ মনে করেন, স্থায়ী স্ট্যান্ডার্ড টাইম মানুষের স্বাস্থ্যের জন্য বেশি উপযোগী, কারণ এটি শরীরের প্রাকৃতিক ঘড়ির সাথে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ।

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ফস্টার স্কুল অব বিজনেস-এর অধ্যাপক ক্রিস্টোফার বার্নস ইউএসএ টুডেকে বলেন, মানুষ বিকেলের বাড়তি আলো এবং সন্ধ্যায় বাইরে কাটানোর কল্পনায় ডেলাইটিং সেভিং টাইম পছন্দ করে। তবে তিনি সতর্ক করে দেন যে, স্থায়ী ডেলাইটিং সেভিং টাইম বাস্তবায়ন করা হলে দীর্ঘমেয়াদে তা মানুষের সার্কাডিয়ান রিদমে স্থায়ী অসঙ্গতি তৈরি করবে। ফলে মানুষের ঘুম ও সার্বিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে, যা কর্মক্ষেত্রে মনোযোগ হ্রাস, পারফরম্যান্স কমে যাওয়া এবং সৃজনশীলতা বিঘ্নিত হওয়ার মতো সমস্যার সৃষ্টি করবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ১৯৬৫ সালের ‘ইউনিফর্ম টাইম অ্যাক্ট’ অনুযায়ী সময় পরিচালনা করা হয়, যা ১৯৬৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন স্বাক্ষর করেছিলেন। এই আইনের অধীনে যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব সময় ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন, তবে দেশজুড়ে স্থায়ী কোনো সময় পরিবর্তনের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতেই রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্য এবং মার্কিন ভূখণ্ডে অবশ্য বর্তমানে বছরজুড়েই স্থায়ী স্ট্যান্ডার্ড টাইম কার্যকর রয়েছে। কংগ্রেসের চূড়ান্ত সিদ্ধান্ত ব্যতীত ১ নভেম্বর রাত ২টায় স্বাভাবিক নিয়মেই এক ঘণ্টা পিছিয়ে যাবে অধিকাংশ মার্কিন এলাকার ঘড়ির কাঁটা।

শিরোনাম :
নেতানিয়াহুকে ঠেকাতে হাজার মাইল পাড়ি দিয়ে দেশে ফিরছেন ইসরাইলিরা এমএলবি ক্যারিয়ারের অনিশ্চয়তা ও অভিজ্ঞতার কথা জানালেন কালেব ওর্ট নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ী ইনিংস খেলে গর্বিত তিলক ভার্মা যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর পিছিয়ে যাচ্ছে ঘড়ি, পাসের মুখ দেখেনি সময় পরিবর্তন বিল সন্তানের ডায়াপার না বদলানোর বড়াই করে সমালোচিত বাস্কেটবল তারকা লামেলো বল ওয়াটারফোর্ডে অগ্নিকাণ্ড: আটক তিনজনকে অভিযোগ ছাড়াই মুক্তি দিল পুলিশ আইপিএলের নতুন কোচ কাইরন পোলার্ড এরাসমাসের ১৫৬* ও অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে সমতায় নামিবিয়া যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আগ্রহী ইরান, পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব দামুড়হুদায় অবৈধ সার মজুত, ১৫০০ বস্তা জব্দ করে গোডাউন সিলগালা নেতানিয়াহুকে ঠেকাতে হাজার মাইল পাড়ি দিয়ে দেশে ফিরছেন ইসরাইলিরা এমএলবি ক্যারিয়ারের অনিশ্চয়তা ও অভিজ্ঞতার কথা জানালেন কালেব ওর্ট নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ী ইনিংস খেলে গর্বিত তিলক ভার্মা যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর পিছিয়ে যাচ্ছে ঘড়ি, পাসের মুখ দেখেনি সময় পরিবর্তন বিল সন্তানের ডায়াপার না বদলানোর বড়াই করে সমালোচিত বাস্কেটবল তারকা লামেলো বল ওয়াটারফোর্ডে অগ্নিকাণ্ড: আটক তিনজনকে অভিযোগ ছাড়াই মুক্তি দিল পুলিশ আইপিএলের নতুন কোচ কাইরন পোলার্ড এরাসমাসের ১৫৬* ও অলরাউন্ড নৈপুণ্যে আয়ারল্যান্ডকে হারিয়ে সমতায় নামিবিয়া যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় আগ্রহী ইরান, পাকিস্তানের মধ্যস্থতার প্রস্তাব দামুড়হুদায় অবৈধ সার মজুত, ১৫০০ বস্তা জব্দ করে গোডাউন সিলগালা