উত্তর আয়ারল্যান্ড সীমান্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাড়ি বোমা উদ্ধার করেছে আইরিশ পুলিশ। বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকানদের বিরুদ্ধে চলমান একটি তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয় বলে শুক্রবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
তদন্তের ধারাবাহিকতায় বুধবার কাউন্টি মোনাহানের ক্যারিকম্যাক্রসের কাছে ২০ বছর বয়সী এক নারীকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পরবর্তীতে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের সন্দেহে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকৃত বিস্ফোরকবাহী গাড়িটি পরীক্ষা করার জন্য আইরিশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছিল। তবে বিস্ফোরকগুলো কীভাবে নিষ্ক্রিয় করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গারদা কমিশনার জাস্টিন কেলি এই ঘটনাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ জব্দ’ হিসেবে বর্ণনা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এটি একটি বিস্ফোরক যন্ত্র ছিল।
গাড়িটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো অস্পষ্ট। তবে চলতি বছর উত্তর আয়ারল্যান্ডে গাড়ি বোমা হামলার দুটি ঘটনা ঘটেছে, যার জন্য পুলিশ বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকানদের দায়ী করেছে। এর মধ্যে এপ্রিলে বেলফাস্টের উপকণ্ঠে একটি পুলিশ স্টেশনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া আরও একটি হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেয় পুলিশ, যারা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করেছিল।
এই ঘটনাগুলো ‘দ্য ট্রাবলস’ নামে পরিচিত কয়েক দশকের সহিংসতার স্মৃতি ফিরিয়ে আনছে। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে শান্তি চুক্তির আগে আইরিশ রিপাবলিকান, ব্রিটিশ লয়ালিস্ট মিলিশিয়া এবং যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর মধ্যকার এই সংঘর্ষে প্রায় ৩ হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন।
কমিশনার কেলি বলেন, বিচ্ছিন্নতাবাদী রিপাবলিকানদের একটি ছোট গোষ্ঠী এখনো গুড ফ্রাইডে চুক্তিতে সম্মত হয়নি এবং তারা অস্ত্র ও বিস্ফোরক জমা দেয়নি। তিনি এই ব্যক্তিদের ‘র্যাডিকালাইজড রিপাবলিকান’ হিসেবে আখ্যায়িত করে সতর্ক করেন যে, এই হুমকি দীর্ঘ সময় ধরে মোকাবিলা করতে হবে।

