২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়া জনপ্রিয় পডকাস্টার জো রোগান এবার তাঁর সমর্থকদের ‘পাগল’ (nuts) ও ‘উন্মত্ত’ (rabid) বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেকে আজীবন বামপন্থী আদর্শের অনুসারী হিসেবে দাবি করেছেন। টেক্সাসের অস্টিনে নিজের স্টুডিও থেকে গত ১৬ সেপ্টেম্বর প্রচারিত এক পডকাস্ট পর্বে কৌতুক অভিনেতা ও অভিনেতা রন হোয়াইটের সঙ্গে আলাপকালে রোগান ট্রাম্পের ভক্তদের কাছ থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনে জো রোগানের পডকাস্টের একটি বড় ভূমিকা ছিল বলে মনে করা হয়। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কিছু সিদ্ধান্ত, যেমন গণ-ডিপোর্টেশন (গণহারে অভিবাসী বহিষ্কার) এবং ইরানের সাথে যুদ্ধ নিয়ে রোগান আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। তা সত্ত্বেও হোয়াইট হাউসে অনুষ্ঠিত ‘ফ্রিডম ২৫০ ইউএফসি ফাইট নাইট’-এ ধারাভাষ্যকার হিসেবে তাঁকে অংশ নিতে দেখা গেছে।
পডকাস্টে রোগান ও রন হোয়াইট অস্টিনে রোগানের নিজস্ব কমেডি ক্লাব ‘কমেডি মাদারশিপ’ নিয়ে সমালোচনা নিয়ে কথা বলেন। রোগান জানান, তাঁর সংশ্লিষ্টতার কারণে অনেকেই ধরে নেন যে পুরো ক্লাবটি ডানপন্থী আদর্শের দিকে ঝুঁকে আছে। এছাড়া ২০২৪ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বিতর্ক তৈরি করা কৌতুক অভিনেতা টনি হিঞ্চক্লিফ এই ক্লাবেই তাঁর সাপ্তাহিক শো ‘কিল টনি’ রেকর্ড করেন। রোগান বলেন, "মানুষ আমাকেও এর সাথে জড়ায়… মূলত তারা আমাকে চেনে না বলেই এমনটা ভাবে। কারণ আমাকে দেখতে ডানপন্থীদের মতো লাগে এবং আমি ট্রাম্পকে কিছুটা সাহায্যও করেছিলাম।"
এ সময় রন হোয়াইট হেসে উঠলে রোগান যোগ করেন, "আমি সারাজীবন বামপন্থী ছিলাম।" তিনি তাঁর অনেক মতামতকে বামপন্থী হিসেবে বর্ণনা করলেও সরকারের অতিরিক্ত হস্তক্ষেপ বা ক্ষমতার অপব্যবহার নিয়ে নিজের উদ্বেগের কথা জানান। রোগান বলেন, "আমাদের বলা হয়েছিল যে ট্রাম্প প্রশাসনের আমলে সরকারের এই অতিরিক্ত হস্তক্ষেপ বন্ধ হবে এবং ওয়াশিংটনের দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাকে দূর করা (ড্রেন দ্য সোয়াম্প) হবে। তবে স্পষ্টতই সেই দিক থেকে পরিস্থিতি আশানুরূপ হয়নি।"
রোগান আরও জানান, তিনি পুরোপুরি ডানপন্থী হিসেবে পরিচিত হিঞ্চক্লিফের সাথে বিতর্কে জড়াতেও রাজি আছেন। অবশ্য কিছু বিষয়ে রোগান ডানপন্থীদের মতো সুর মিলিয়েছেন। যেমন ‘উন্মুক্ত সীমান্ত’, কোভিড নিষেধাজ্ঞা এবং বাধ্যতামূলক ভ্যাকসিন নেওয়ার নিয়মকে তিনি ‘পাগলামি’ বলে অভিহিত করেন। অন্যদিকে রন হোয়াইট জানান, নারীর অধিকার ও গর্ভপাতের অধিকারের কথা চিন্তা করে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। এ প্রসঙ্গে রোগান বলেন, "গর্ভপাতের অধিকারের বিষয়টি বেশ জটিল। আমি মনে করি না যে কারও শরীরে কী করা উচিত তা বলে দেওয়ার অধিকার আমার আছে। আমি নারী নই এবং কখনো গর্ভবতীও হইনি।" তবে তিনি গর্ভাবস্থার শেষের দিকে গর্ভপাত নিয়ে আশঙ্কা প্রকাশ করেন, যদিও কেএফএফ-এর তথ্য অনুযায়ী এমন ঘটনা অত্যন্ত বিরল (২১ সপ্তাহের পর মাত্র ১% গর্ভপাত ঘটে)।
পডকাস্টে তাঁরা কান্ট্রি মিউজিক তারকা জেলি রোলের একটি কৌতুক নিয়ে হাসাহাসি করেন। গত আগস্টে ‘জিমি কিমেল লাইভ!’ শোতে হাজির হয়ে ৪১ বছর বয়সী জেলি রোল ট্রাম্পকে নিয়ে কৌতুক করেছিলেন। নিজের ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে জেলি রোল বলেছিলেন, "ভেবে দেখুন, গত কয়েক বছরে আমি ৩০০ পাউন্ড ওজন কমিয়েছি। এর মানে আমি আস্ত একজন ডোনাল্ড ট্রাম্পকে শরীর থেকে ঝরিয়ে ফেলেছি। আর সত্যি বলতে, ট্রাম্পের জনপ্রিয়তার যে রেটিং, তাতে মনে হয় দেশের বেশিরভাগ মানুষও একই কাজ করতে চায়।"
জেলি রোলের এই কৌতুকের পর ট্রাম্প সমর্থকদের ক্ষোভ ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার সময় রোগান বলেন, "ট্রাম্পের সমর্থকেরা পুরোপুরি পাগল ভাই, তারা উন্মত্ত। ট্রাম্প তাদের কাছে কেবল একজন সাধারণ মানুষ নন; তিনি এমন একজন নেতার প্রতিনিধিত্ব করেন, যাকে তারা নিজেদের শাসক হিসেবে পেতে চায়।" রোগান পডকাস্টে কেন প্যাক্সটনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা ইউএস সিনেটের ডেমোক্রেটিক প্রার্থী জেমস ট্যালারিকোকে পছন্দ করেন বলেও উল্লেখ করেন।
