হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে এক উইকেটের ব্যবধানে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া এক পর্যায়ে চরম চাপের মুখে পড়লেও নাথান এলিসের দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক জশ ইংলিস ১০২ বলে ১০৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। তবে বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নাথান এলিস। অস্ট্রেলিয়ার জয়ের পথে শেষদিকে পরিস্থিতি অত্যন্ত নাটকীয় হয়ে উঠেছিল। দলের নবম ব্যাটার হিসেবে অ্যাডাম জাম্পা আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। ক্রিজে এলিসের সঙ্গী ছিলেন স্পেন্সার জনসন। জিম্বাবুয়ে জয়ের স্বপ্ন দেখলেও পেনাল্টিমেট ওভারে ওয়েসলি মাধেভেরে এলিসের ক্যাচ হাতছাড়া করলে ম্যাচের মোড় ঘুরে যায়।
শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৯ রান। সিকান্দার রাজার করা ওই ওভারের প্রথম বলেই এলিস লং-অন দিয়ে ছক্কা হাঁকান। এরপর দুই বলের ব্যবধানে প্রয়োজনীয় রান তুলে নিয়ে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের শুরুটা ভালো ছিল না। ট্র্যাভিস হেড মাত্র ৬ এবং মিচেল মার্শ ৮ রান করে ব্র্যাড ইভান্সের শিকারে পরিণত হন। এরপর কুপার কনোলি ও ইংলিস ৫২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। কনোলি ২১ রানে আউট হওয়ার পর ইংলিস ও অ্যালেক্স ক্যারি ৮৫ রানের জুটি গড়েন। ক্যারি ৩৪ রান করে ইভান্সের বলে মাধেভেরের হাতে ধরা পড়েন। এরপর ম্যাট রেনশ, অলিভার পিক ও জেভিয়ার বার্টলেট দ্রুত সাজঘরে ফিরে গেলে ইংলিস একাই লড়াই চালিয়ে যান। তিনি রিভার্স সুইপে চার মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। তবে সিকান্দার রাজার বলে বোল্ড হওয়ার আগে তিনি ১০৩ রান করেন। এরপর ইভান্স জাম্পাকে তুলে নিলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২২৭/৮। সেখান থেকেই এলিস ও জনসন দলকে জয় এনে দেন।
এর আগে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। বেন কারান, ব্রায়ান বেনেট ও ব্রেন্ডন টেলর দ্রুত আউট হওয়ার পর ইনোসেন্ট কাইয়া ও ক্রেইগ আরভিন ৮০ রানের জুটি গড়েন। কাইয়া ৫৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। আরভিন ৫৯ রান করে জাম্পার বলে আউট হন। সিকান্দার রাজা অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৫০ রানে ৩ উইকেট নেন, আর জেভিয়ার বার্টলেট ১০ ওভারে ৬৯ রান দিয়ে কোনো উইকেট পাননি, যা অস্ট্রেলিয়ার কোনো বোলারের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে ব্যয়বহুল পরিসংখ্যান।

