আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেনের ফাইনালে দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ সেটে হারিয়ে শিরোপা জয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেনা রিবাকিনা। কাজাখস্তানে পৌঁছানোর পরপরই ২৭ বছর বয়সী এই টেনিস তারকাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়েছে। ভক্ত ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
পুরো কালো নাইকি পোশাকে সজ্জিত রিবাকিনা এসময় ভক্তদের অটোগ্রাফ এবং পতাকা ও বিভিন্ন স্মারক সামগ্রীতে স্বাক্ষর করেন। তার আগমনে ভক্তরা গান গেয়ে উল্লাস প্রকাশ করেন। তবে ইউএস ওপেন চলাকালীন পাওয়া ইনজুরি নিয়ে তিনি এখনও ভুগছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রিবাকিনা জানান, টুর্নামেন্ট চলাকালীন অ্যাকিলিস ইনজুরির ব্যথা নিয়ে খেলার সময় তিনি শরীরের নড়াচড়া করতে অক্ষম ছিলেন। এই ইনজুরির কারণেই তাকে সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করতে হয়েছিল, যদিও তিনি ফ্লাশিং মিডোসে খেলেছেন।
শারীরিক ধকল এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবের কারণে রিবাকিনা এখন বিলি জিন কিং কাপ ফাইনালে অংশ নিতে পারবেন না, যেখানে তার কাজাখস্তানের প্রতিনিধিত্ব করার কথা ছিল। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, আমি ঘোষণা করছি যে এই বছর বিলি জিন কিং কাপে অংশ নিতে পারব না। শেনজেন এবং সেখানকার অসাধারণ দর্শকদের মিস করব বলে আমি খুবই দুঃখিত। গত মাসটি আমার শরীরের জন্য খুব কঠিন ছিল, তাই আবার সেরা ছন্দে ফিরতে আমার বিশ্রামের প্রয়োজন। আমি দলের মেয়েদের জন্য শুভকামনা জানাই।
রিবাকিনার অনুপস্থিতি কাজাখস্তানের জন্য বড় ধাক্কা। আগামী ২৩ সেপ্টেম্বর শেনজেনে স্পেনের বিপক্ষে বিলি জিন কিং কাপের কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইউলিয়া পুতিনসেভা, সোনিয়া ঝিয়েনবায়েভা, ঝিবেত কুলামবায়েভা এবং আনা দানিলিনা। রিবাকিনা পরবর্তী ম্যাচ খেলবেন ৩০ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলা চায়না ওপেনে। এরপর অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি উহান ওপেনে অংশ নেবেন।

