কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের পর জাহাজটি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। সোমবার রোমানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় জাহাজের ১১ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টার দিকে কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করা হয়। জাহাজটি তখন রোমানিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ছিল, যা তুলসিয়া কাউন্টির সাফান্তুল গেওর্গে থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল বা ৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানায়নি। তবে রোমানিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, জাহাজটি তুরস্কের পতাকাবাহী একটি গ্রেইন ক্যারিয়ার ছিল এবং কৃষ্ণসাগরের একটি তেল প্ল্যাটফর্মের দক্ষিণ-পূর্বে ড্রোন হামলার শিকার হয়েছিল। যদিও রোমানিয়ার কর্তৃপক্ষ এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি।
উদ্ধার তৎপরতা সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের জরুরি চিকিৎসার জন্য একটি হেলিকপ্টারের মাধ্যমে উইঞ্চ ব্যবহার করে আকাশপথে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

