ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী ১৫ অক্টোবর আইপিএলের সকল স্টেকহোল্ডারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিয়েছে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) আইপিএলের পরবর্তী আসরগুলোকে আরও বড় এবং জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এটি তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া।
বিসিসিআই সম্পাদক দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি মালিক, সম্প্রচারকারী প্রতিষ্ঠান এবং আইপিএল ম্যাচ আয়োজনকারী রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, যে ১৩টি রাজ্য সংস্থা নিয়মিত আইপিএলের ম্যাচ আয়োজন করে, তাদের এই বৈঠকে ডাকা হয়েছে। এছাড়া সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিওস্টারের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি, তবে অংশগ্রহণকারীর সংখ্যা বিবেচনায় এটি বিসিসিআই সদর দপ্তরের বাইরে আয়োজন করার সম্ভাবনা বেশি। সম্ভাব্য স্থান হিসেবে তাজ সান্তাক্রুজের নাম শোনা যাচ্ছে এবং বৈঠকটি ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় শুরু হতে পারে।
দেবজিৎ সাইকিয়া রাজ্য সংস্থাগুলোকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন যে, ২০২৭ সালে আইপিএল তার ২০তম মৌসুমে পদার্পণ করবে। এই মাইলফলক মৌসুমকে সামনে রেখে অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা, সমস্যা সমাধান এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করাই এই যৌথ বৈঠকের মূল উদ্দেশ্য। বিশেষ করে ভেন্যু পরিচালনা এবং ম্যাচ-ডে সমন্বয়ের ক্ষেত্রে রাজ্য সংস্থাগুলোর মতামত ও অভিজ্ঞতাকে বিসিসিআই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

