জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল তাদের ঐতিহাসিক ভারত সফরের জন্য ১৫ সদস্যের অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে দল খেলেছিল, সেই একই দল ভারতের বিপক্ষে মাঠে নামবে। জিম্বাবুয়ে এই সফরের মাধ্যমে প্রথমবারের মতো ভারতে খেলতে যাচ্ছে এবং দুই দেশের নারী দলের মধ্যে এটিই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।
দলটির নেতৃত্বে থাকছেন জোসেফিন এনকোমো। স্কোয়াডে আরও রয়েছেন ন্যাশা গোয়ানজুরা এবং মিশেল মাভুঙ্গা, যারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই ম্যাচে এই দুজন মিলে সাতটি উইকেট শিকার করেছিলেন। এছাড়া দলের অন্যতম ব্যাটার মোডেস্টার মুপাচিকওয়া, যিনি সেই ম্যাচে সর্বোচ্চ রান করেছিলেন, তিনিও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক বেলভেড বিজা এবং টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক কেলিস এনডলোভুকেও দলে রাখা হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড তাদের ধারাবাহিক পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই এই দল ঘোষণা করেছে।
ভারত ও জিম্বাবুয়ে নারী দল প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে, যা ১৬, ১৮ এবং ২০ অক্টোবর রায়পুরে অনুষ্ঠিত হবে। এরপর ২৩, ২৫ এবং ২৮ অক্টোবর বরোদায় তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য হবে।
জিম্বাবুয়ে স্কোয়াড: জোসেফিন এনকোমো (অধিনায়ক), বেলভেড বিজা, চিপো মুগেরি-তিরিপানো, কেলিস এনডলোভু, মিশেল মাভুঙ্গা, ফ্রান্সিসকা চিপারে, অলিন্ডার চারে, কুদজাই চিগোরা, ন্যাশা গোয়ানজুরা, নুমভেলো সিবান্দা, লরিন ফিরি, চিয়েদজা ধুরুরু, মোডেস্টার মুপাচিকওয়া, টেন্ডাই মাকুশা এবং শার্ন মেয়ার্স।

