গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তার বিরুদ্ধে দায়িত্ব পালনকালে দামি উপহার গ্রহণ এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগের বিনিময়ে অর্থ চাওয়ার মতো গুরুতর অসদাচরণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগ করতে বলা হয়েছে। জাকারিয়া বলেন, "তিনি আমাদের টিমের জন্য চমৎকার একজন সদস্য ছিলেন এবং আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।"
এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, তার প্রশাসন গিলফয়েলকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গিলফয়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে নানা ধরনের বিলাসবহুল উপহার গ্রহণ করেছেন। এছাড়া নিজের নিয়োগ নিশ্চিত হওয়ার আগে প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেওয়ার বিনিময়ে তিনি অর্থ দাবি করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এই অভিযোগগুলোর প্রেক্ষিতে স্টেট ডিপার্টমেন্টের অফিস অফ ইন্সপেক্টর জেনারেল (ওআইজি) বিষয়টি তদন্ত করছে। সোমবার বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন সূত্র সিএনএন-কে এই তদন্তের তথ্য নিশ্চিত করেছেন।

