দেশে ডেঙ্গুর প্রকোপ ও আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এমন পরিস্থিতিতে দেশে ডেঙ্গুর টিকা আনার কোনো পরিকল্পনা আছে কি না, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে, মৃত্যুঝুঁকি এবং টিকার কার্যকারিতা বিবেচনায় নিয়ে সরকার এখনো টিকা আনার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করেনি। সাখাওয়াত হোসেন বলেন, ‘এখনো চিন্তা করি নাই। দেয়ার ইজ এ রিস্ক অন দ্যাট। ভ্যাক্সিনে যাওয়াটা তো… একটা রোগী যদি কলাপস করে তাহলে তো জবাব দেয়া যাবে না। কাজেই আমরা দেখতেছি।’
টিকা আমদানির ক্ষেত্রে আর্থিক ব্যয়ের বিষয়টিও তিনি উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আলাপ করতেছি, দেখেন আপনি যতই টিকা দেন, কতবার দিবেন, দুইবার লাগে। কস্টলি, সারা বাংলাদেশ খানা-খন্দে ভরা।’ তিনি আরও বলেন, কেবল টিকার ওপর নির্ভর না করে দেশের মানুষের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

