ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, একটি শিক্ষিত, মানবিক ও নৈতিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি নিজেদের সৎ, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়। মীর হেলাল আরও বলেন, জীবনে সফল হওয়ার জন্য অধ্যবসায়, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নে মনোযোগ দিতে হবে। পাশাপাশি মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের দায়িত্ব কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাও তাদের কাজের অংশ। তিনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
মাদরাসার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি, গভর্নিং বডি, শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মুবিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, এপিএস আমিনুল ইসলাম আমিন, মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

