ইউরোপীয় টি২০ প্রিমিয়ার লিগের (ETPL) উদ্বোধনী আসর আগামী ২৬ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স এবং আমস্টারডাম ফ্লেমস। ২৬ দিনব্যাপী এই টুর্নামেন্টটি নেদারল্যান্ডসের ভোরবার্গ ক্রিকেট ক্লাব এবং আয়ারল্যান্ডের মালাহাইড—এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, ছয়টি দল ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। লিগ পর্যায়ে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলো কোয়ালিফায়ার ম্যাচে লড়াই করবে ফাইনালের অপর জায়গাটি নিশ্চিত করার জন্য।
টুর্নামেন্টের প্রথম ১৫টি লিগ ম্যাচ ভোরবার্গে অনুষ্ঠিত হবে। এরপর প্রতিযোগিতাটি আয়ারল্যান্ডের মালাহাইডে স্থানান্তরিত হবে, যেখানে বাকি লিগ ম্যাচ, কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। দুই ভেন্যুর মধ্যকার এই যাত্রার মাঝে ৭ ও ৮ সেপ্টেম্বর বিরতি থাকবে। লিগ পর্বে বেশ কিছু ডাবল-হেডার ম্যাচ রয়েছে, যার প্রথমটি স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয়টি বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে।
আমস্টারডাম ফ্লেমসের সহ-মালিক স্টিভ ওয়াহ জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচটি তাদের দলের জন্য একটি দারুণ সুযোগ। তিনি বলেন, এটি আমস্টারডাম ফ্লেমস এবং তারা যে ধরনের ক্রিকেট খেলতে চায়, তা তুলে ধরার একটি চমৎকার সুযোগ। ইউরোপীয় ক্রিকেটের এই নতুন অধ্যায়ে যুক্ত হতে পেরে তারা গর্বিত এবং টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় আছেন।
টুর্নামেন্টে স্টিভ স্মিথ, রবিচন্দ্রন অশ্বিন, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, হেনরিখ ক্লাসেন, মিচেল মার্শ, লুঙ্গি এনগিডি এবং ট্রেন্ট বোল্টের মতো বিশ্বের নামকরা অনেক ক্রিকেটার অংশ নেবেন।
ডাবলিন গার্ডিয়ান্সের সহ-মালিক রাহুল দ্রাবিড় এই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ইউরোপের নতুন এই টি২০ লিগে ডাবলিনকে প্রতিনিধিত্ব করাটা বেশ রোমাঞ্চকর। তারা একটি সফল মৌসুম এবং এমন কিছু গড়ে তোলার অপেক্ষায় আছেন, যা নিয়ে শহর ও ভক্তরা গর্ব করতে পারবে।
গ্লাসগো কসমিকের সহ-মালিক ম্যাথিউ হেইডেন মনে করেন, ইটিপিএল স্কটিশ ক্রিকেটের জন্য একটি মাইলফলক। তিনি বলেন, গ্লাসগো কসমিক এই যাত্রার অংশ হতে পেরে গর্বিত এবং প্রথম বল থেকেই নিজেদের ছাপ রাখতে তারা প্রস্তুত।

