যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলের কাছে একটি সংঘর্ষ থামাতে গিয়ে গোলাগুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্য ও এক সন্দেহভাজন আহত হয়েছেন। রোববার গভীর রাতে ইউএস ক্যাপিটলের কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ডিসি পুলিশের অন্তর্বর্তী প্রধান জেফরি ক্যারল সোমবার ভোরে এক সংবাদ সম্মেলনে জানান, আহত দুইজনের কারও আঘাতই জীবনঘাতী নয়। বর্তমানে ন্যাশনাল গার্ড সদস্য এবং সন্দেহভাজন উভয়কেই এলাকার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিবরণ দিয়ে জেফরি ক্যারল জানান, রাত ১১টার কিছু পরে ক্যাপিটল হিল এলাকায় একটি ভ্যানের ভেতরে থাকা ন্যাশনাল গার্ডের সদস্যরা বাইরে একটি মারামারি হতে দেখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদস্যরা এগিয়ে গেলে সন্দেহভাজন ব্যক্তি একটি পিস্তল বের করেন। গার্ড সদস্যরা তাকে অস্ত্রটি নামিয়ে রাখতে বললেও তিনি তা না মেনে গার্ডদের দিকে অস্ত্র তাক করেন। জবাবে ন্যাশনাল গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান।
এ সময় পাল্টাপাল্টি গুলিতে ওই ব্যক্তির পায়ে গুলি লাগে এবং ন্যাশনাল গার্ডের এক সদস্যও পায়ে গুলিবিদ্ধ হন। উল্লেখ্য, দেশজুড়ে অপরাধ দমনের অংশ হিসেবে ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েন করার এক বছরেরও বেশি সময় পর এই গোলাগুলির ঘটনা ঘটল।
October 19, 2026 / 8:15 AM EDT / CBS News

