ফ্রান্সের প্যারিস উপকণ্ঠে শুক্রবার একটি গাড়ি থেকে চালানো গুলিবর্ষণে একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার পরপরই ট্র্যাপস শহরের নিকটবর্তী এলাকা থেকে ১ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই হামলার পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা এখনো স্পষ্ট নয়।
ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এবং বিচারিক কর্তৃপক্ষের সকল সম্পদকে এই ঘটনার তদন্তে পুরোপুরি কাজে লাগানো হচ্ছে। এছাড়া ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেরোরিজম প্রসিকিউটর অফিস জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এই গুলিবর্ষণের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ফ্রান্স জীবনযাত্রার উচ্চ ব্যয়ের প্রতিবাদে শনিবার নতুন করে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে দেশজুড়ে ঘটে যাওয়া সহিংসতা এড়াতে সরকার বড় ধরনের নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে এবং প্রধান জাদুঘরগুলো তাদের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

