জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জলবায়ু ও উন্নয়ন প্রকল্পগুলোকে কার্যকর করার লক্ষ্যে পুঁজি ও প্রযুক্তিকে দ্রুত সবুজ বিনিয়োগে রূপান্তরের আহ্বান জানিয়েছেন। নভেম্বরে তুরস্কে অনুষ্ঠিতব্য কপ-৩১ জলবায়ু সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে ইস্তাম্বুলে আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
শুক্রবার অনুষ্ঠিত এই সম্মেলনে ইউএনডিপির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর নিক রেনে হার্টম্যান বলেন, আমাদের মূল চ্যালেঞ্জ হলো আর্থিক সম্পদকে টেকসই জলবায়ু ও উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত করা। তিনি আরও বলেন, আমাদের মূলধনের অভাব নেই, কিন্তু সময় আমাদের পক্ষে নেই। তুরস্কের প্রেসিডেন্সির ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিস এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। ইস্তাম্বুল ফাইন্যান্স সেন্টারের জিরাত ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় পরিচ্ছন্ন শক্তি, টেকসই শিল্প, অবকাঠামো এবং বৃত্তাকার অর্থনীতিতে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
হার্টম্যান বৈশ্বিক আর্থিক ব্যবস্থার আকার প্রায় ৩০৫ ট্রিলিয়ন ডলার বলে উল্লেখ করেন। বিপরীতে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বার্ষিক ৪.৩ ট্রিলিয়ন ডলারের অর্থায়নের ঘাটতি রয়েছে, যা মোট বৈশ্বিক আর্থিক ব্যবস্থার প্রায় ১.৪ শতাংশ। তিনি সতর্ক করে বলেন, উন্নত অর্থনীতির তুলনায় উন্নয়নশীল দেশগুলোতে পরিচ্ছন্ন শক্তি প্রকল্পে অর্থায়নের খরচ সাত গুণ পর্যন্ত বেশি হতে পারে। ২০১০ সাল থেকে সৌরশক্তির খরচ ৯০ শতাংশ এবং ব্যাটারি স্টোরেজের খরচ ৯৩ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি বলেন, এই সুবিধা কাজে লাগাতে কার্যকর নীতিমালা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা প্রয়োজন।
কপ-৩১ সম্মেলনকে একটি 'বাস্তবায়ন সম্মেলন' হিসেবে গড়ে তোলার তুরস্কের উচ্চাকাঙ্ক্ষাকে স্বাগত জানান হার্টম্যান। তিনি বলেন, বিনিয়োগকে দ্রুত এবং বড় পরিসরে এগিয়ে নিতে হবে। কপ-৩১ সম্মেলনে 'ক্লাইমেট ব্রিজ' উদ্যোগটি উপস্থাপন করা হবে, যার লক্ষ্য হলো জলবায়ু প্রতিশ্রুতিগুলোকে বিনিয়োগের সুযোগে রূপান্তর করা। এই উদ্যোগের আওতায় ইথিওপিয়া, ফিজি, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং উজবেকিস্তানে প্রাথমিক প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। এতে ছাড়মূলক অর্থায়ন, অনুদান, গ্যারান্টি, ঝুঁকি ভাগাভাগি এবং বেসরকারি মূলধনের সমন্বয় ঘটানো হবে।
ইউএনডিপি ৫০টি দেশে ৭০০টি টেকসই বিনিয়োগের সুযোগ চিহ্নিত করেছে। ২০২২ সাল থেকে সংস্থাটি ৯২০ বিলিয়ন ডলারেরও বেশি সরকারি ও বেসরকারি অর্থায়নকে এসডিজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সহায়তা করেছে। তুরস্কে ইউএনডিপি এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় ৫ মিলিয়ন ইউরো সহায়তায় একটি সম্পদ দক্ষতা কর্মসূচি পরিচালনা করছে। এর লক্ষ্য হলো বিনিয়োগযোগ্য প্রকল্প তৈরি করা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ইউরোপীয় ক্রেতাদের জন্য তুরস্কের সরবরাহকারীদের সক্ষমতা বাড়ানো। হার্টম্যান বিনিয়োগকারীদের পরামর্শ দিয়ে বলেন, স্থায়িত্বকে কেবল একটি ব্যয় হিসেবে না দেখে একে অর্থনৈতিক মূল্যের উৎস হিসেবে বিবেচনা করা উচিত।

