ফুটবল মাঠের জাদুকরী পারফরম্যান্স এবং বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে এবার স্প্যানিশ রাজপরিবারের বিশেষ সম্মাননা পেলেন লিওনেল মেসি। স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আর্জেন্টাইন মহাতারকার হাতে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া।
৩৯ বছর বয়সি এই তারকাকে তার অসাধারণ ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে দাতব্য কাজের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ফুটবলারদের মধ্যে মেসিই প্রথম, যিনি ব্যক্তিগতভাবে এই ক্রীড়া সম্মাননা অর্জন করলেন। পুরস্কার ঘোষণার সময় বিচারকমণ্ডলী তার দীর্ঘদিনের ধারাবাহিকতা, বিনয় এবং দলীয় ফুটবলের প্রতি অঙ্গীকারের পাশাপাশি মানবিক উদ্যোগগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে।
মেসির এই অর্জনে গর্বিত তার সাবেক ক্লাব বার্সেলোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে ক্লাবটি বলেছে, মেসির অসাধারণ প্রতিভা মাঠে ও মাঠের বাইরে স্থায়ী ছাপ ফেলেছে। বার্সেলোনার ভাষ্যমতে, মেসির সাফল্যের ক্যারিয়ারে ক্লাবটি তার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে এবং তার সঙ্গে তাদের এই বন্ধন চিরস্থায়ী।
মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে যোগ দেওয়া মেসি ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭টি মৌসুম মূল দলের হয়ে খেলেছেন। ক্লাবটির জার্সিতে ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল এবং চারটি চ্যাম্পিয়নস লিগসহ ৩৫টি শিরোপা জেতার রেকর্ড গড়েছেন তিনি। বর্তমানে ইন্টার মিয়ামিতে খেললেও বার্সেলোনা ও শহরটির প্রতি তার আবেগের সম্পর্ক আজও অটুট। স্পেনে পুরস্কার গ্রহণের আগে মেসি নিজেও জানিয়েছেন, বার্সেলোনার প্রতি তার ভালোবাসা সবসময়ই বিশেষ থাকবে।

