গ্লেন ফিলিপসকে থামাতে বিশেষ কৌশলের পরামর্শ দিলেন ইরফান পাঠান

চলমান টি-টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডের তারকা ব্যাটার গ্লেন ফিলিপসের দুর্দান্ত ফর্ম ভারতীয় দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের রোমাঞ্চকর জয়ের পরও ফিলিপসকে দ্রুত সাজঘরে ফেরানোর কৌশল নিয়ে পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ৪১ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার ফিলিপসকে 'ভারতীয় দলের জন্য মাথাব্যথা' হিসেবে আখ্যায়িত করেন এবং তাকে পরাস্ত করতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামার আহ্বান জানান।

গত শনিবার (২৪ অক্টোবর) ক্রাইস্টচার্চের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ড ৫ উইকেটে ১৮০ রান তোলে। সেখানে ৪৩ বলে চার চার ও চার ছক্কায় সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন ফিলিপস, যা চলতি সিরিজে তার টানা দ্বিতীয় অর্ধশতক। জবাবে তিলক বর্মার ২৬ বলে অপরাজিত ৫১ রানের (ছয় চার ও এক ছক্কা) ওপর ভর করে ১ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে ভারত। জয়ের মাধ্যমে সিরিজে এগিয়ে গেলেও কিউই ব্যাটার ফিলিপস ভারতীয় বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছেন। চলতি সিরিজে তিনি ১৫২.০০ গড় ও ১৮৩.১৩ স্ট্রাইক রেটে ১৫২ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি চার ও ৭টি ছক্কা। ভারতের বিরুদ্ধে ১৭টি টি-টোয়েন্টি ইনিংসে ফিলিপসের মোট রান ৪৬৮, যেখানে তার গড় ২৯.২৫, স্ট্রাইক রেট ১৪৭.১৬ এবং রয়েছে চারটি অর্ধশতক।

দানবীয় ফর্মে থাকা ফিলিপসকে থামানোর কৌশল ব্যাখ্যা করে ইরফান পাঠান জানান, ডানহাতি এই ব্যাটারের বিপক্ষে প্রিন্স যাদবকে বেশি ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, “গ্লেন ফিলিপস এখন ভারতীয় দলের জন্য কিছুটা মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। তাকে আউট করার পরিকল্পনা কীভাবে হওয়া উচিত? আমি তাকে বল করার জন্য প্রিন্স যাদবকে বেশি দেখতে চাই। কারণ তার বলের বৈচিত্র্যের জন্য ফিলিপস নির্দিষ্ট কোনো পেসে থিতু হতে পারবে না।”

পেস ও ফুটওয়ার্ক পড়ার বিষয়ে আলোকপাত করে পাঠান বলেন, ফিলিপসের পজিশনিং পর্যবেক্ষণ করে বোলাররা চালকি করতে পারেন। তার ভাষ্যমতে, “দ্বিতীয় বিষয়টি হলো ব্যাটিংয়ের সময় তার সামনের পায়ের ব্যবহার। যখন ফিলিপস বোঝে যে অফ সাইডে ফিল্ড সাজানো হয়েছে, তখন সে সেই অঞ্চলে শট খেলার জন্য সামনের পা ঘুরিয়ে সোজা করে নেয়। কিন্তু যখন সে আশা করে বোলার স্টাম্প লক্ষ্য করে বল করবে, তখন সে নিজের স্ট্যান্স বা অবস্থান উন্মুক্ত করে দেয়। আরশদীপ সিংয়ের বিরুদ্ধে এভাবেই অবস্থান বদলে সে একটি ছক্কা মেরেছিল।” পাঠান আরও যোগ করেন, “একজন বোলার হিসেবে বল হাত থেকে ছাড়ার আগেই তার এই চলাচল পড়ে নিয়ে সুবিধা নেওয়া সম্ভব। এমনকি তাকে বিভ্রান্ত বা ব্ল্যাফও করা যেতে পারে। যদি অফ সাইডে ফিল্ডিং থাকে এবং দেখা যায় সে পা সরাচ্ছে, তবে তাকে বাইরে না দিয়ে সোজা স্টাম্পে বল করা যেতে পারে।”

দলীয় ব্যবস্থাপনা ও সিরিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে সাবেক এই অলরাউন্ডার মনে করেন, দ্রুত ফিলিপসকে ফিরিয়ে দিতে পারলে পরের ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে পারবে ভারত। তিনি বলেন, “আমি চাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার ফুটওয়ার্ক ভালোভাবে বিশ্লেষণ করে বোলারদের সাথে পরিকল্পনা তৈরি করুক। ফিলিপস ফিল্ড পজিশন দেখে নিজের খেলার কৌশল পরিবর্তন করছে। ভারত কি তার এই কৌশলের বিপরীত চাল দিতে পারবে? যদি ভারত তাকে দ্রুত আউট করতে পারে, তবে পরবর্তী ম্যাচেই সিরিজ গুটিয়ে ফেলা সম্ভব।”

ফিলিপসের পাশাপাশি ভারতীয় অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের বোলিং নিয়েও কথা বলেছেন পাঠান। ওই ম্যাচে ৪ ওভারে ৫০ রান দিয়ে ১ উইকেট নেওয়া ভুবনেশ্বরের বোলিং লেংথ কিছুটা এগিয়ে আনার পরামর্শ দিয়ে পাঠান বলেন, “আগামী ম্যাচে ভুবনেশ্বর কুমারকে আরও কিছুটা ফুলার লেংথে বল করতে দেখতে চাই। সে বর্তমানে প্রায় ৭.৫ মিটার মার্কে বল করছে, যা কমিয়ে ৬.৫ মিটারের কাছাকাছি আনা উচিত। এতে সে উইকেট থেকে বাড়তি সাহায্য পেতে পারে। কাজটা তার জন্য সহজ নয়, তবে তার চেষ্টা করা উচিত বল কিছুটা সামনে ফেলতে।” আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) ওয়েলিংটনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড।

শিরোনাম :
কেনিয়ায় ধসে পড়া বহুতল ভবন থেকে একজনকে জীবিত উদ্ধার স্প্যানিশ রাজপরিবারের বিশেষ সম্মাননা পেলেন লিওনেল মেসি গ্লেন ফিলিপসকে থামাতে বিশেষ কৌশলের পরামর্শ দিলেন ইরফান পাঠান বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন আশরাফুল ইনজুরি সংকটে জুভেন্টাস, লেচ্চের বিপক্ষে ৯ খেলোয়াড়কে পাচ্ছে না দলটি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন: ৫০টি অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াই ইসরায়েলে মঙ্গলবারের নির্বাচন: রাজনৈতিক চমক দেখাবেন নেতানিয়াহু, নাকি জিতবে বিরোধীরা? ক্যান্সারমুক্ত হওয়ার ঘোষণা দিলেন ভ্যানেসা ট্রাম্প কিউবার নাগরিকদের সিআইএ-র সাথে কাজ করার আহ্বান জানালেন রুবিও ইয়েমেনের এডেনে হুথি মিলিশিয়াদের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কেনিয়ায় ধসে পড়া বহুতল ভবন থেকে একজনকে জীবিত উদ্ধার স্প্যানিশ রাজপরিবারের বিশেষ সম্মাননা পেলেন লিওনেল মেসি গ্লেন ফিলিপসকে থামাতে বিশেষ কৌশলের পরামর্শ দিলেন ইরফান পাঠান বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন আশরাফুল ইনজুরি সংকটে জুভেন্টাস, লেচ্চের বিপক্ষে ৯ খেলোয়াড়কে পাচ্ছে না দলটি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন: ৫০টি অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াই ইসরায়েলে মঙ্গলবারের নির্বাচন: রাজনৈতিক চমক দেখাবেন নেতানিয়াহু, নাকি জিতবে বিরোধীরা? ক্যান্সারমুক্ত হওয়ার ঘোষণা দিলেন ভ্যানেসা ট্রাম্প কিউবার নাগরিকদের সিআইএ-র সাথে কাজ করার আহ্বান জানালেন রুবিও ইয়েমেনের এডেনে হুথি মিলিশিয়াদের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা