রবিবার উভয় দেশের সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। একই সময়ে ইউক্রেনে রাশিয়ার হামলায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের বরশচোভো গ্রামে একটি কৃষি প্রতিষ্ঠানের মিনিবাস লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান ইগর কোভালচুক। বেলগোরোড অঞ্চলে বড় ধরনের রাতের ড্রোন হামলায় আরও একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার শুভায়েভ।
অন্যদিকে ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, খারকিভ ও ভিনিৎসিয়ায় রুশ হামলায় ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন জরুরি উদ্ধারকর্মী রয়েছেন। ভিনিৎসিয়ায় একটি পাঁচতলা আবাসিক ভবনে রাশিয়ার হামলায় আরও ছয়জন আহত হয়েছেন। এই হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং উদ্ধারকাজের সময় জরুরি কর্মীরা বারবার হামলার শিকার হন। এ সময় একটি ফায়ার ইঞ্জিনের ট্যাঙ্কার পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের লজিস্টিক সেন্টার, বন্দর অবকাঠামো এবং ইউক্রেনীয় বাহিনীর জন্য রসদ বহনকারী জাহাজ লক্ষ্য করে রাতের বেলা হামলা চালিয়েছে। খারকিভে এপিসেন্টার লজিস্টিক সেন্টার, একটি বিতরণ কেন্দ্র এবং ভাসিশচেভো লজিস্টিক টার্মিনালে হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এই স্থাপনাগুলো ইউক্রেনীয় বাহিনীর সহায়তার জন্য সামরিক বা দ্বৈত ব্যবহারের পণ্য সংরক্ষণে ব্যবহৃত হতো। এছাড়া চোরনোমোরস্ক বন্দরের দিকে যাওয়ার পথে রসদ বহনকারী একটি শুষ্ক কার্গো জাহাজেও হামলা চালানো হয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।
একই সাথে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৫টি রুশ অঞ্চল জুড়ে ইউক্রেনের ৫৩২টি ফিক্সড-উইং ড্রোন আকাশেই ধ্বংস করেছে। তবে উভয় পক্ষের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

