মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় মহাসড়কের পাশে সাপটি প্রথম দেখতে পান শ্রীমঙ্গল ভেটেরিনারি পশু হাসপাতালের চিকিৎসক ডা. বাহার। তিনি তার কর্মস্থলে ডিউটি শেষে বাসায় ফিরছিলেন।
সাপটি সেই সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপের মুখে সাপটির প্রাণহানির ঝুঁকি তৈরি হয়। এই ঝুঁকি থেকে বাঁচাতে ডা. বাহার তাৎক্ষণিকভাবে সেটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পরবর্তীতে ডা. বাহার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সম্মিলিত প্রচেষ্টায় অজগরটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করেন। উদ্ধারকৃত এই অজগর সাপটিকে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

