কলম্বিয়ার কুকুতা শহরে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি সেতুর অদূরে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ঘটা এই হামলায় অন্তত চারজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
নর্তে দে সান্তান্দের প্রদেশের গভর্নর উইলিয়াম ভিলামিজার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, হামলার দায়ীদের খুঁজে বের করতে পুলিশি তদন্ত চলছে। বিস্ফোরণটি ঘটেছে ফ্রান্সিসকো দে পাউলা দে সান্তান্দের আন্তর্জাতিক সেতুর কাছে অবস্থিত কলম্বিয়ার কর সংগ্রহকারী সংস্থার স্থানীয় কার্যালয়ের সামনে। হামলার পরবর্তী ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের তীব্রতায় একটি ট্রাক এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন কলম্বিয়ার রক্ষণশীল সরকার দেশের নিরাপত্তা কৌশল ঢেলে সাজাচ্ছে। সরকার অপরাধী চক্র ও বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েল্লা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে চলমান শান্তি আলোচনা বাতিল করেছেন। তার মতে, গত চার বছরে এই আলোচনায় কোনো উল্লেখযোগ্য ফলাফল আসেনি এবং সশস্ত্র গোষ্ঠীগুলো যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গ্রামীণ এলাকায় তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে।
‘দ্য টাইগার’ নামে পরিচিত প্রেসিডেন্ট এস্প্রিয়েল্লা তেল পাইপলাইন সুরক্ষায় যৌথ টাস্কফোর্স পুনর্গঠন করেছেন। একইসাথে কোকেন বাণিজ্য দমনে কোকা ক্ষেতে হার্বিসাইড স্প্রে করার বিতর্কিত পদ্ধতি পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছেন, যা স্বাস্থ্যঝুঁকির কারণে ২০১৫ সালে স্থগিত করা হয়েছিল।
মঙ্গলবার খুব ভোরে মেদেলিন শহরে গ্যাংবিরোধী একটি অভিযানে সরকার ১৩৫ জনকে মাদক ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট এস্প্রিয়েল্লা গ্রেপ্তারকৃতদের উদ্দেশ্যে বলছেন, “পার্টি শেষ। এখন দেখবে টাইগার কীভাবে কামড়ায়।”
তবে সমালোচকরা এস্প্রিয়েল্লার এই পদক্ষেপগুলোকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে দেখছেন। তাদের মতে, কেবল শক্তি প্রয়োগের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণ করা সম্ভব নয়, শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই ফিরতে হবে।
এদিকে, কুকুতা শহরেই সোমবার রাতে বাড়ি ফেরার পথে এক সাবেক ডেপুটি মেয়রকে হত্যার ঘটনায় তদন্ত চলছে। এর আগে গত সেপ্টেম্বরে এই সীমান্ত শহরে আরেকটি পুলিশ স্টেশনে হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছিলেন।

