পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় ফুটবলে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। আগামী বছরের ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে কেন্দ্র করে ঘোষিত ২৩ সদস্যের পর্তুগিজ স্কোয়াডে প্রথমবারের মতো স্থান করে নিয়েছেন ১৬ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ড।
আসন্ন এই বাছাইপর্বে পর্তুগালের মিশন শুরু হবে ঘরের মাঠে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ট্রেনিং গ্রাউন্ডে। সূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর অ্যান্ডোরার মুখোমুখি হবে দলটি। এর পর ১৪ নভেম্বর বুলগেরিয়া এবং ১৭ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে তারা। পরবর্তী পর্বে উত্তীর্ণ হওয়ার জন্য এই গ্রুপে শীর্ষ দুটির মধ্যে অবস্থান নিশ্চিত করতে হবে তরুণ পর্তুগিজদের।
ক্লাব ফুটবলে বর্তমানে সৌদি প্রো লিগের দল আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে খেলছেন মূলত উইঙ্গার হিসেবে পরিচিত এই তরুণ তুর্কি। পর্তুগালের হয়ে এর আগে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলেও খেলেছেন রোনালদো জুনিয়র। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে এক টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে চ্যাম্পিয়ন করাতে অবদান রাখেন তিনি। পরবর্তীতে অনূর্ধ্ব-১৬ দলের পোশাকে ৯টি ম্যাচ খেলে ৩টি গোল করেন। বয়সভিত্তিক পর্যায়ে এমন ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই এবার অনূর্ধ্ব-১৭ দলে খেলার সুযোগ পেলেন তিনি।
ছেলের এই অর্জনের পর ফুটবল বিশ্বের নজর এখন বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকেও। আগামী শুক্রবার পর্তুগাল মূল জাতীয় দলের নতুন স্কোয়াড প্রকাশের কথা রয়েছে। ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ড মূল দলে জায়গা পান কি না তা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশের ফুটবলে বাবা ও ছেলে একসঙ্গে সাফল্য ছড়াবেন—এমনটাই আশা করছেন ভক্ত-সমর্থকরা।

