নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি তিনতলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত দুইজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে ১৩২১ ফ্ল্যাটবুশ এভিনিউতে এই দুর্ঘটনা ঘটে। ভবনটি ধসে পাশের একটি নির্মাণাধীন সাইটের ওপর পড়ে যায়।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) ফায়ার কমিশনার লিলিয়ান বনসিনোর জানান, ঘটনার পরপরই জরুরি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, উদ্ধার অভিযানে মোট ১৯ জনকে পাওয়া গেছে। এর মধ্যে দুইজন মারা গেছেন, চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জন স্থিতিশীল অবস্থায় আছেন। এছাড়াও একজন অগ্নিনির্বাপক কর্মী সামান্য আহত হয়েছেন। হতাহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে।
ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা চেইনস ও প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে উদ্ধার কাজ চালাচ্ছেন। সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংসের পরিদর্শকরাও উদ্ধারকাজে সহায়তা করছেন এবং পার্শ্ববর্তী ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা যাচাই করছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি কর্মকর্তারা।

