বিড়ালের সাথে কথা বলা অনেক মানুষেরই অভ্যাস। পোষা বিড়ালের ছোট ছোট ডাক বা অদ্ভুত অঙ্গভঙ্গির অর্থ বোঝার জন্য অনেকেই কৌতূহলী থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, বিড়ালের ভাষা বুঝতে হলে তাদের সামগ্রিক প্রেক্ষাপট বা 'হোল ক্যাট ইন কনটেক্সট' পড়ার চেষ্টা করা জরুরি।
বিড়াল আমাদের কীভাবে দেখে, তা নিয়ে নানা মত রয়েছে। বিড়াল আচরণ বিশেষজ্ঞ জেসিকা মোকেটের মতে, বিড়াল অনেক সময় আমাদের অন্য বিড়ালের মতো মনে করে, যেমন তারা আমাদের গা চাটা বা একসাথে ঘুমানোর মতো আচরণ করে। আবার তারা আমাদের যত্নকারী বা খাবার সরবরাহকারী হিসেবেও দেখে, যার কারণে তারা মানুষের সামনে বিড়ালের ছানার মতো মিউ মিউ করে। গবেষণা বলছে, বিড়াল মানুষের সাথে গভীর আবেগীয় সম্পর্ক গড়ে তোলে, যা অনেকটা মানুষের শিশুর সাথে অভিভাবকদের সম্পর্কের মতো।
বিড়াল মূলত শব্দ, গন্ধ, স্পর্শ, মুখের অভিব্যক্তি এবং শরীরী ভাষার মাধ্যমে যোগাযোগ করে। মিউশেল নাগেলস্নাইডার নামের একজন বিড়াল আচরণ বিশেষজ্ঞের মতে, বিড়ালের চোখ, কান, লেজ এবং শরীরের ভঙ্গি তাদের মনের অবস্থা প্রকাশ করে। যেমন, চোখ অর্ধেক বন্ধ থাকা মানে তারা শান্ত ও সন্তুষ্ট। আবার কান পেছনের দিকে বা শরীরের ভঙ্গি টানটান হওয়া অস্বস্তির লক্ষণ। এছাড়া বিড়ালের 'লিপ লিক' বা ঠোঁট চাটানো চাপের বহিঃপ্রকাশ হতে পারে, যা অনেক সময় আগ্রাসী আচরণের পূর্বাভাস দেয়।
বিড়ালের মিউ মিউ করার বিষয়টি মূলত মানুষের সাথেই যোগাযোগের একটি মাধ্যম। প্রাপ্তবয়স্ক বিড়াল নিজেদের মধ্যে মিউ মিউ করে না, তবে হিস হিস বা গর্জন করে থাকে। লিসা স্টেমকোস্কি জানান, বিড়ালের ট্রিলিং বা চিরপিং শব্দ বন্ধুত্বপূর্ণ যোগাযোগের লক্ষণ। অন্যদিকে, বিড়ালের ঘড়ঘড়ানি বা পারিং শব্দ আনন্দ বা মানসিক চাপের কারণে হতে পারে।
গবেষণায় দেখা গেছে, বিড়াল তাদের নাম চিনতে পারে এবং মালিকের কণ্ঠস্বর আলাদা করতে পারে। তবে তাদের সাথে যোগাযোগের সবচেয়ে ভালো উপায় হলো মানুষের নিজের আচরণ সহজ করা। শান্তভাবে চলাফেরা করা, নিচু স্বরে কথা বলা এবং বিড়ালকে নিজের ইচ্ছামতো কাছে আসা বা দূরে যাওয়ার সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। বিড়াল আপনার পাশে বসে আছে মানেই যে সে আদর চাচ্ছে, তা সবসময় সঠিক নয়। তাই বিড়ালকে বোঝার জন্য একজন ভালো পর্যবেক্ষক হওয়া সবচেয়ে জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন।

