চট্টগ্রামের আলোচিত পোশাক ও বস্ত্রশিল্প প্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
১৯৯৪ সালে মোহাম্মদ মহসিন সাদ-মুসা গ্রুপ প্রতিষ্ঠা করেন। একসময় বিশাল কর্মযজ্ঞ ও বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে সংকটে পড়ে। আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের ঘটনায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন। ওই পাঁচটি মামলায় মোট পাওনা ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সে সময় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়, তবে পরে তিনি জামিনে মুক্তি পান।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির একটি মামলায় চট্টগ্রামের অর্থঋণ আদালত মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল। ওই সময় প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাদ-মুসা গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরবর্তীতে ২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরও ১১ জনের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়।

