বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে তরুণীদের কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত তিন বছর মেয়াদি 'শিস্টেম' প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ২৯০ জন তরুণী চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।
বাংলাদেশে স্টেম খাতে নারীর অংশগ্রহণ বর্তমানে মাত্র ১৪ শতাংশ। ২০২৩ সালের নভেম্বর থেকে পরিচালিত এই প্রকল্পের আওতায় ১৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয়েছে, যার ৬০ শতাংশই নারী। প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে লাইটক্যাসল পার্টনার্স। কনসোর্টিয়ামের অন্য অংশীদারদের মধ্যে রয়েছে টেন মিনিট স্কুল, এটুআই, ডেভলার্ন কনসাল্টিং ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
তিন বছর ধরে চলা এই প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন কোর্স, বিজনেস-টেক চ্যালেঞ্জ, মেন্টরশিপ, ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক ও চাকরি মেলার মতো বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। পাশাপাশি জেন্ডার-অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নিয়ে গবেষণা ও নীতি-অ্যাডভোকেসি কার্যক্রমও ছিল প্রকল্পের অংশ।
প্রকল্পটি বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, আইইউটি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এইউএসটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করেছে। এছাড়া বিএসআরএম ও ওয়ালটনের মতো নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে। প্রকল্পের অর্জনের মধ্যে রয়েছে 'শিস্টেম বিজনেস কেস রিপোর্ট' তৈরি এবং চুয়েটের ১৮ জন ছাত্রীর বিএসআরএম কারখানায় প্রথম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করা।
অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের সিইও বিজন ইসলাম বলেন, তিন বছর আগে আমরা প্রমাণ করতে চেয়েছিলাম মেধার কোনো জেন্ডার নেই। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ফন বোমেল সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া প্রকল্পে অবদান রাখায় মেন্টর, বিশ্ববিদ্যালয় ক্লাব, ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং বিএসআরএম, ওয়ালটন ও ক্রাইজোটেকসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে 'শিস্টেম অ্যাওয়ার্ডস' প্রদান করা হয়।
প্রকল্পটির উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ৭০০ জনের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীর ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি ‘শিস্টেম বিজনেস কেস রিপোর্ট’। প্রতিবেদনটিতে স্টেম খাতে নারীদের জন্য বিনিয়োগের অর্থনৈতিক যৌক্তিকতা তুলে ধরা হয়েছে।
২০২৫ সালে শিল্প খাতের ২৭ জন প্রতিনিধিকে নিয়ে মেন্টরশিপ কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচির আওতায় তাঁরা শিক্ষার্থীদের সরাসরি পরামর্শ দেন। এ ছাড়া চুয়েটের ১৮ জন ছাত্রী বিএসআরএমের কারখানায় প্রথম শিস্টেম-বিএসআরএম ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সম্পন্ন করেন। কুয়েটে আয়োজিত ‘কেস ক্র্যাক ২’-এর মতো বিজনেস-টেক চ্যালেঞ্জে অংশ নেন ৩০০ জনের বেশি শিক্ষার্থী।

