দেশের ভেতরে ও বাইরে থেকে ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে গণতন্ত্রপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে তারা প্রস্তুত আছেন।
মিয়া নুরুদ্দীন অপু বলেন, গত কয়েক দিন ধরে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ও অশান্তি ছড়ানোর অপচেষ্টা করছে তারা।
সাবেক সরকারের সমালোচনা করে হুইপ অপু বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ—কেউই তাদের হাত থেকে রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যা করেই তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

