রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্প্রতি ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাছাই করা শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল সময় জার্নাল।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি লাবিন রহমান। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব শিরিনা বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশনের প্রধান উপদেষ্টা খবির উদ্দিন আহমেদ।
কর্মশালায় শিক্ষার্থীদের জন্য মোট পাঁচটি সেশন অনুষ্ঠিত হয়। কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় এসব সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক আরিফ খান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, তাজদিন হাসান, শাহেদুল ইসলাম হেলাল এবং নিয়াজ আলী চিশতী। সেশনগুলোতে মাদকে আসক্তির কারণ ও পরিত্রাণের উপায়, ডোপ টেস্ট কী ও কেন জরুরি, ইন্টারনেট আসক্তি থেকে রক্ষার উপায় এবং ক্যারিয়ার নির্বাচনের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেশন শেষে সময় জার্নালের পক্ষ থেকে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার ছিল।
দিনব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান এবং সংসদ সদস্য হেলেন জেরিন খান উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীদের জন্য মোট ৫টি সেশন অনুষ্ঠিত হয়। কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় সেশনগুলো নেন সংবিধান বিশেষজ্ঞ ও সমাজ বিশ্লেষক আরিফ খান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল, তাজদিন হাসান, শাহেদুল ইসলাম হেলাল ও নিয়াজ আলী চিশতী।

