জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার উত্তর কোরিয়া সাগরের দিকে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, সন্দেহভাজন এই অস্ত্রটি সাগরে গিয়ে পড়েছে। এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় কোনো অস্ত্র পরীক্ষার ঘটনা।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্যের ভিত্তিতে ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের অদূরে একটি অজ্ঞাত প্রজেক্টাইল বা প্রক্ষেপক নিক্ষেপ করেছে।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে তাদের বার্ষিক বৃহৎ সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে। 'উলচি ফ্রিডম শিল্ড' নামের এই মহড়া উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকির বিরুদ্ধে প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হচ্ছে। উত্তর কোরিয়া বরাবরই এই ধরনের সামরিক মহড়াকে তাদের দেশে আক্রমণের মহড়া হিসেবে গণ্য করে থাকে, যার ফলে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া আসার আশঙ্কা রয়েছে। অতীতেও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া উসকানিমূলক অস্ত্র পরীক্ষা ও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে আসছে।
এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান উত্তর কোরিয়া থেকে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছিল। জুনের শেষের দিক থেকে এটিই ছিল উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক অস্ত্র পরীক্ষার ঘটনা। যদিও উত্তর কোরিয়া এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে সাধারণত তারা অস্ত্র পরীক্ষার পরের দিন বিস্তারিত তথ্য প্রকাশ করে থাকে।

